বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের পশুর হাটে ক্রেতারা খুশি

news-image

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র এক দিন। হয়তো শেষের দিকে গরুর দাম পড়বে। এ আশা নিয়ে অপেক্ষা ছিলেন ক্রেতারা। কিন্তু এখন সে সময়টা আর নেই। চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে শেষ মুহুর্তে এসে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। পছন্দের গরু-ছাগল কিনে যে যার মতো ফিরছেন গন্তব্যে। দামও নাগালের ভেতরে। গত সপ্তাহে গরুর দাম চড়া থাকলেও এখন আর নেই। সাধ্যর মধ্যে গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে মন খারাপ বেপারীদের। আশানুরূপ দাম না পাওয়াতে বেপারিরা। অনেকটা হতাশ।

বৃহস্পতিবার সরেজমিনে চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে গিয়ে এরকম চিত্র দেখা গেল। নগরীর সবচেয়ে বড় পশুরহাট সাগরিকা বাজারে গিয়ে দেখা যায়, বরাবরের মতোই ক্রেতাদের কাছে দেশীয় গরুর প্রতি চাহিদা বেশি। মাঝারি লাল ও কালচে গরুর দিকে বেশি ছুটছেন ক্রেতারা। ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে এসব গরু পাওয়া যাচ্ছে। মধ্যবিত্তদের সাধ্যর মধ্য হওয়ায় এসব গরু বিক্রিও হচ্ছে বেশি।

 

বাজারের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর জানান, বাজারে ক্রেতা নামায় পশু বেচা-কেনাও বেড়েছে। এর আগে বিক্রি কম ছিল। আজ (বৃহস্পতিবার) বাজার পুরোদমে জমে উঠবে বলে আশা করছেন তিনি। পাশাপাশি ক্রেতা বেড়েছে নগরীর বিবির হাটে। এ হাঁটেও বেপারীরা দুর দূরান্ত থেকে পশু নিয়ে এসেছেন। কুষ্ঠিয়া, দিনাজপুর, পাবনা, রাজশাহী, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় গরু শোভা পাচ্ছে এই বিবির হাঁটে।
হাটের ইজারাদার মো. জামশেদ খাঁন প্রিয়.কম-কে জানান, গতকাল (বুধবার) থেকে মানুষ বাজারমুখী হয়েছেন। তবে তুলনামূলক বিক্রি কম। সবাই দাম যাচাই বাচাই করছেন। আজ থেকে বেঁচা-বিক্রি পুরোদমে হবে বলে তিনি আশা করেন। তবে ভিন্নমত পোষণ করে ফইল্যাতলী বাজারের মো. জসিম উদ্দিন জানান, সিটি কপোর্রেশন থেকে নির্দিষ্ট জায়গায় বাজার বসানো হয়েছে। কিন্তু অনেকে নগরীর বিভিন্ন অলি গলিতে কোরবানির পশু বিক্রি করছে। এ কারণে চাহিদার তুলনায় বিক্রি কম হচ্ছে বলে তিনি জানান।

 

বাজারে গরু বেপারিরা জানান, প্রতিদিন গড়ে দেড় থেকে ২ হাজার খরচ হচ্ছে। সে তুলনায় ক্রেতারা দাম বলছে অনেক কম। গরুর বেপারী রশিদ আলম প্রিয়.কম-কে বলেন, কুষ্টিয়া থেকে ৩২টি গরু এনেছি। বিক্রি হয়েছে মাত্র পাঁচটি। ক্রেতারা যে দাম বলছে সে তুলনায় গরু প্রতি ১৫ হাজার টাকা করে লোকসান গুনতে হবে। তবে তিনি আশা করছেন- আজ এবং কাল তার সব গরু বিক্রি হবে।
চাপাইনবাবগঞ্জ থেকে আসা বেপারী বাশার মোল্লা ৪৪টি গরু এনেছেন। তিনি জানান, গত তিন দিনে পাঁচটি গরু বিক্রি করেছি। আজ বৃহস্পতিবার সকাল থেকে চারটি গরু বিক্রি হয়েছে। তাদের অভিমত, ক্রেতারা বাজারমুখী হচ্ছেন। তবে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। কারণ চট্টগ্রামের মানুষ স্বাভাবিকভাবে কোরবানির জন্য দুই-তিন আগে পশু কিনেন। অধিকাংশ ক্রেতার বাড়িদে কোরবানির পশু রাখার জায়গা না থাকায় আগে-ভাগে পশু কেনেন না। সেই হিসেবে বাজার জমে উঠছে ধীরে ধীরে।
জানা যায়, নগরীর স্থায়ী পশুরহাট সাগরিকা ও বিবির হাট ছাড়াও ছয়টি অস্থায়ী বাজারে গরুর হাট বসেছে। এরমধ্যে কয়েকটি হাট সাপ্তাহিক হলেও কোরবানি উপলক্ষে ঈদের দিন শুক্রবার পর্যন্ত পশু বেঁচা-কেনা চলবে। পশুরহাট ছাড়াও নগরীর মোড়ে মোড়ে শতাধিক অস্থায়ী গরুর হাট বসেছে।

 

এ ছাড়া ফইল্যাতলী বাজার, কলেজ রোড, ফকিরনির হাট, পইল্ল্যাতলী স্কোয়ারসহ অন্তত ৬০ স্থানে অবৈধ বাজার গড়ে উঠেছে। গবাদিপশু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা সওদাগর জানান, ভারত ও মিয়ানমার থেকে প্রচুর গরু এসেছে। সাগরিকা বাজারে ৭০ হাজারেরও বেশি গরু আনা হয়েছে। যা গতবারের তুলনায় বেশি।

 

চট্টগ্রাম জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রেয়াজুল করিম জসিম জানান, চট্টগ্রাম মহানগর ও ১৪ উপজেলায় ৫ লাখ ৯১ হাজার পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে কোরবানিযোগ্য ৫ লাখ ২ হাজার ৪৩০টি পশু মজুদ আছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত ও পাহাড় থেকে যে হারে গরু আনা হচ্ছে- তাতে চাহিদার চেয়ে ৫০ শতাংশ বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে গরুর দাম পাওয়া নিয়ে খামারিরা শঙ্কিত। এ সময় এনথ্রাক্স কিংবা অন্যকোন রোগে আক্রান্ত পশু কি না সে বিষয়ে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এবার ছয়টি বাজার ইজারা দিয়েছে কর্পোরেশন। সাগরিকা গরুর বাজার ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীরকে ৬ কোটি ২৫ লাখ টাকায়, বিবির হাট গরুর বাজার ইজারাদার মো. জামশেদ খানকে ১ কোটি ৫২ লাখ ৭৮৬ টাকায়, কর্ণেল হাট এ রহমান অ্যান্ড সন্সকে ১২ লাখ ১২ হাজার ৭৮৬ টাকায়, ফইল্যাতলী বাজার মো. জসিম উদ্দিনকে ১১ লাখ ৫৫ হাজার ৭৮৬ টাকায়, বকশির হাট এসএম মারুফকে ১৪ লাখ ৫৩ হাজার টাকায় এবং দেওয়ান হাট মো. আবদুর রশিদ লোকমানকে ৪ লাখ ১ হাজার টাকায় ইজারা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে চসিকের ৮ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩৫৮ টাকার রাজস্ব আয় হয়েছে। এর বাইরে আরও পাঁচটি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এগুলো হচ্ছে কর্ণফুলী পশু বাজার (নূর হাউজিং), স্টিল মিল পশুর হাট, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, কমল মহাজন হাট, সল্টগোলা রেল ক্রসিং ও পোস্তার পাড় স্কুল মাঠে ছাগলের বাজার।