রাম রহিমকে ‘বন্য জানোয়ার’ বললেন বিচারক
বিনোদন ডেস্ক :ভারতের ধর্ষক ধর্মগুরু রাম রহিম সিংয়ের কারাদণ্ড ঘোষণার সময় তাকে ‘বন্য জানোয়ার’ হিসেবে আখ্যায়িত করেছেন দণ্ড প্রদানকারী বিচারক জগদীপ সিং। তার জন্য কোনো ক্ষমা নেই বলেও মন্তব্য করেন এই বিচারক।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, রাম রহিম সিং তার অনুসারীদের ধর্মের নামে ধর্ষণ করেছেন। তার সর্বোচ্চা সাজা হওয়া উচিৎ। ১৫ বছর আগে নিজের আশ্রমেরই দুই সাধিকাকে ধর্ষণের মামলায় পৃথকভাবে ১০ বছর করে মোট ২০ বছরের সাজা শোনানোর আগে গুরমিত রাম রহিমকে বিচারক জগদীপ সিং বলেন-
’দোষী ব্যক্তি (গুরমিত রাম রহিম) একটা বন্য জানোয়ারের মতো কাজ করেছে। সে তার দুই পবিত্র সাধিকাকেও ছাড়ে নি। ওই দুই নির্যাতিতা গুরমিত রাম রহিমকে ঈশ্বরের সম্মান দিতেন, কিন্তু গুরমিত তাদের সঙ্গে সবচেয়ে গুরুতর অপরাধ করেছে। যে ব্যক্তির মানবিকতা বলে কিছু নেই, যার স্বভাবে দয়া-মায়া বলে কিছু নেই, তার প্রতি উদারতা দেখানো যায় না। একটা ধর্মীয় সংগঠনের প্রধান হিসাবে যে নিজেকে দাবী করে, তার এই অপরাধমূলক কাজ আসলে দেশের অন্যান্য পবিত্র, আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক আর ধর্মীয় সংগঠনগুলোকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।’
এদিকে রাম রহিম আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে যখন সবাই তাকে ধিক্কার দিচ্ছে, তার মধ্যেও তার ভক্তদের অনেকেই এখনও ওই গুরুর প্রতি রয়েছে সম্মান। যুবক সোনু যাদব ডেরার স্কুলেই পড়াশোনা করেছেন। ইংরেজিতেই কথা বলতে বেশী স্বচ্ছন্দ তিনি। যাদব বলেন, ‘বাবাজি প্রথম থেকেই ভালো শিক্ষা দিয়েছেন, সমাজের প্রতি নীতি-নৈতিকতা শিখিয়েছেন। মানুষের কোন পথে চিন্তাভাবনা করা উচিত, সেসব বলেছেন আমাদের। আমরা তাই তাকে গুরু বলেই মানি।’
প্রসঙ্গত, গত শুক্রবার রাম রহিমকে দোষী সাব্যস্ত করে ভারতের আদালত। রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লিতে তাণ্ডব চালায় তার ভক্তরা। সহিংসতায় প্রাণ হারান ৩৮ ব্যক্তি। কমপক্ষে ২৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়।
দুই নারীকে ধর্ষণের অভিযোগে ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয় এই ধর্ষক গুরুকে। ভারতের অসংখ্য ধর্মগুরুর মতো রাম রহিমও একটি ব্যতিক্রমী চরিত্র। তিনি একাধারে ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। রাম রহিমের ভক্তদের তিনি ‘প্রেমী’ বলে ডাকেন। তার শুনানি চলাকালে তার ২ লাখ ভক্ত জড়ো হয় আদালত প্রাঙ্গনে।











