বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তামণির ২৫ শতাংশ অপারেশন সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাতক্ষীরার শিশু মুক্তামণির (১২) হাতে দ্বিতীয় দফায় ২৫ শতাংশ অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতাপালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামান্ত লাল সেন সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে অপারেশন শুরু হয়। সোয়া ১০টার দিকে অপারেশন শেষ হয়। মুক্তমণির শারীরিক অসুস্থতার কারণে আজ ২৫ শতাংশ অপারেশন সম্পন্ন করা হয়েছে। ঈদের পরে আরেকবার অপারেশন করা হবে।

এর আগে সকাল ৮টার দিকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হয় মুক্তামণিকে।

মুক্তামনির বাবা ইব্রাহিম জানান, অপারেশনের জন্য মুক্তামণিকে রাত ৩টা থেকে তাকে কিছু খেতে দেয়া হয়নি। রাতে তার শরীরে জ্বর উঠেছিলো। জ্বরেরও চিকিৎসা দেয়া শেষে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

এরও আগে গত ১২ আগস্ট মুক্তামণির প্রথম অপারেশন হয়। পরে ফের অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছিলেন ডা. সামন্ত লাল সেন।

উল্লেখ্য, সাতক্ষীরার কামারবাইশালের মুদি দোকানদার ইব্রাহিম হোসেনের দুই জমজ মেয়ে হীরামণি ও মুক্তামণি। জন্মের দেড় বছর পর থেকে মুক্তামণির সমস্যা শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তা ফুলে কোলবালিশের মতো হয়ে যায়। বিছানাবন্দী হয়ে পড়ে মুক্তামণি।

সাতক্ষীরা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় নানা চিকিৎসা চলে। তবে ভালো হয়নি বা ভালো হবে, সে কথাও কেউ কখনো বলেননি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় আসে মুক্তামণির খবর।

গত ১১ জুলাই মুক্তাকে ভর্তি করানো হয় বার্ন ইউনিটে। তারপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ওই দিনই ঢাকা মেডিকেলে মুক্তামনির চিকিৎসার জন্য ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর