,

আট লাখ টাকায় বিক্রি করবেন হাতির মতো গরুটি

news-image

নিউজ ডেস্ক : তিন বছর আগে একদিন শহিদুল ইসলাম হাটে গিয়ে দেখেন, একটি বাছুর বিক্রি হবে। রং কালো। বেশ নাদুসনুদুস। এক দেখাতেই বাছুরটি তার মনে ধরে। কোনো কিছু চিন্তাভাবনা না করেই বাচ্চা গরুটি কেনার সিদ্ধান্ত নেন। শেষমেশ দর-কষাকষির পর ২৪ হাজার টাকায় আবদুল মুন্নাফের বাছুরটি কিনে তিনি সোজা বাড়ি আসেন।

এরপর শহিদুলের মা রাবেয়া বাছুরটিকে পালতে শুরু করেন। কিছুদিন পর গরুটির কিছু আচরণে মুগ্ধ হন রাবেয়া। সামনে যেতে বললে সামনে যায়, পেছনে যেতে বললে পেছনে যায়। এভাবেই ‘কথা শোনা’ এমন গরুটিকে ভালোবেসে ফেলেন বাড়ির সবাই। চোখের সামনে দিনে দিনে গরুটি হাতির মতো বড় হতে থাকে।

এবার সেই গরুটিকে পাবনা সাঁথিয়া উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে চার দিন আগে ঢাকার আফতাব নগর হাটে এনেছেন শহিদুল। দাম হাঁকিয়েছেন আট লাখ টাকা। এ গল্প শোনালেন শহিদুল, রোববার দুপুরে।

বয়স ৪০ বছর হলেও বিয়ে করা হয়নি শহিদুলের। দুই ভাই, পাঁচ বোন তাঁরা। ছোট ভাই মোহাম্মদ সজলকে সঙ্গে নিয়ে গরু পোষেন শহিদুল। এটাই তাঁদের পেশা। এ বছর ১২টি গরু নিয়ে ঢাকার হাটে এসেছেন তিনি। এই নিয়ে ১৫ বার কোরবানির সময় ঢাকায় গরু নিয়ে এলেন তিনি।

গরুটির কথা বলতে গিয়ে শহিদুল বারবার মা রাবেয়ার কথা বলছিলেন। তাঁর বয়স এখন ৬২ বছর। শহিদুল বললেন, ‘মা এই গরুটির প্রতি আলাদা যত্ন-খাতির করতেন। এই গরুটি তাঁর কথা শুনত। তেমন ছোটাছুটি করেনি। এমন অনেক দিন গেছে যে গরুটির গলা থেকে দড়ি খুলে গেছে কিন্তু ছুট দেয়নি।’

শহিদুলের কথা অনুযায়ী, এখন প্রতিদিন গরুটির খাওয়ানোর পেছনে খরচ হয় ৪০০ থেকে ৫০০ টাকা। ভুসি, চিটা গুড়, খৈল, লবণ ইত্যাদি খাবার খাইয়ে তাঁকে বড় করে তোলা হয়েছে। প্রতিদিন ভুসি খায় প্রায় ১৫ থেকে ২০ কেজি।
রামপুরা সেতুর পূর্ব পাশেই আফতাব নগর গরুর হাটের অবস্থান। জানা গেল, বুধবার থেকে হাটে গরু আসছে। রাস্তার দুই পাশে বাঁধা সারি সারি গরু। আজ রোববার দুপুরে দেখা গেল, শহিদুলের গরুটিকে ঘিরে আছেন ২০ থেকে ২৫ জন মানুষ।

একজন ক্রেতা শহিদুলের কাছে জানতে চান, কত দাম হলে তিনি গরুটি বিক্রি করে দেবেন? শহীদুল বললেন, আট লাখ টাকা হলে বিক্রি করবেন। যিনি ভালো দাম দেবেন, তাঁর কাছেই প্রিয় গরুটিকে কোরবানির জন্য দিয়ে যাবেন।
শহিদুল বললেন, ‘ও বড় ভালো গরু। ও সন্তানের চেয়েও বেশি কিছু।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে