১ সেপ্টেম্বর পুরোদমে খুলছে আখতারুজ্জামান ফ্লাইওভার
নিজস্ব প্রতিবেদক : আগামী ১ সেপ্টেম্বর, শুক্রবার থেকে পুরোদমে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত বিস্তৃত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারটি। তবে ষোলশহর দুই নম্বর গেটে লুব সংযুক্ত করার সময় তা কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
রমজানের ঈদের আগে ফ্লাইওভারটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর যান চলাচলেন জন্য ফ্লাইওভারের একপাশ খুলে দেয়া হয়। কিন্তু, এতে ফ্লাইওভারের ফিনিশিং টাচ দেয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিলে তা বন্ধ করে দেয়া হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বিবার্তাকে বলেন, শুক্রবার থেকে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেয়া হবে। ইতিমধ্যে ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ। আমরা কয়েকবার সরেজমিনে দেখেও এসেছি। ফ্লাইওভারটির উপর দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করবে।
তবে আগামী মাসের পর ষোলশহর দুই নম্বর গেইটের লুব সংযুক্ত করার সময় কিছুদিনের জন্য ফ্লাইওভারটি আবারো নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
উল্লেখ্য, ২০১০ সালের ১ জুন ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০১৪ সালের ১২ নভেম্বর ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী বছরের মার্চ মাসে ফ্লাইওভার নিমার্ণকাজ পুরোদমে শুরু হয়। শুরুতে ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে জিইসি মোড় এবং ষোলশহর দুই নম্বর গেট মোড়ে নতুন করে র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত হয়। এতে ফ্লাইওভারের দৈর্ঘ আরো ১ দশমিক ৬ কিলোমিটারে বেড়ে যায়। ফ্লাইওভারটি নির্মাণে খরচ হচ্ছে ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা। ম্যাক্স রেনকেন (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্লাইওভারটির নির্মাণকাজ করেছে।











