পেঁয়াজের দাম কমছে, বাড়তি সবজির
মাসখানেকের মধ্যে প্রায় তিনগুণ হওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে বন্যার কারণে বেড়ে যাওয়া সবজির বাজার এখনও চড়া।
কোরবানির ঈদের এক সপ্তাহ আগে ঢাকার বাজারে মসলার দামে তেমন হেরফের হয়নি। বিভিন্ন ধরনের চালের দাম রয়েছে আগের মতোই বাড়তি।
শুক্রবার ঢাকার কারওয়ানবাজার, মিরপুর-১ ও মিরপুর-২, মহাখালী, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি কাঁচাবাজার এবং শ্যামপুর পাইকারী বাজার ঘুরে নিত্যপণ্যের এমন দাম দেখা গেছে।
প্রায় সব বাজারেই পেঁয়াজের দম কমেছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকার মতো। মিরপুর-২ নম্বরের বড়বাগ কাঁচাবাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয় ৫০ থেকে ৫২ টাকায়, যা এক সপ্তাহ আগেও ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছিল। আর ভারতীয় পেঁয়াজ এদিন বিক্রি হয় প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায়।
গত জুলাইয়ের শেষভাগে হঠাৎ করে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০-২৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকার উপরে ওঠে। এক পর্যায়ে ৬৫-৭০ টাকায়ও বিক্রি হয় পাড়া-মহল্লার দোকানগুলোতে। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দামও সমানতালে বাড়ে।
গত দুই-তিন ধরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে মিরপুর-২ নম্বরের মাহমুদ স্টোরের পরিচালক আনোয়ার হোসেন জানান।
ঢাকায় পেঁয়াজের প্রধান পাইকারি বাজার শ্যামবাজারের নগর বাণিজ্যালয়ের পরিচালক মো. আব্দুল মজিদ মিয়াও বলেন, গত দুই দিনে পেঁয়াজের দাম অনেকাংশে কমে গেছে, কোরবানি ঈদের আগে আরও কমবে।
ভারত থেকে আসা পেঁয়াজের দামও কমেছে জানিয়ে তিনি বলেন, আমদানি হওয়া পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি করছেন তারা।
সবজির দাম নিয়ে অসন্তোষ
শীতকালীন কিছু সবজি আগেভাগে বাজারে পাওয়া গেলেও চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বিক্রেতারা বলছেন, বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সবজির দাম কমছে না।
শুক্রবার মিরপুর, মহাখালী, মোহাম্মদপুরসহ ঢাকার বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে বিভিন্ন সবজির প্রায় একই রকম দাম দেখা যায়। তবে আকার-আকৃতি ভেদে দামে কিছুটা হেরফের রয়েছে।
মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে শিম কেজি প্রতি ১৪০ টাকা, কচুরমুখী ৫০-৫৫ টাকা এবং প্রতিকেজি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হয়।
এছাড়া চিচিঙ্গা ৬০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। আকারভেদে একেকটি লাউ ও চালকুমড়া বিক্রি হয় ৫০ থেকে ৬৫ টাকায়।
মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা বশির বলেন, “দাম বাড়ায় সবজির আইটেম কমাইয়া দিছি। পাইকারি বাজারে কালো গোল বেগুনের কেজি ১০০ টাকা করে হওয়ায় আনি নাই।”
সবজির দাম এত বেশি হওয়ায় কিছু দিন কাঁচাবাজারের তালিকায় সবজি কমিয়ে দেওয়ার কথা জানান মিরপুর-২ নম্বরের বাসিন্দা আতিক।
চালের দাম কমছে না
গত কয়েক মাস ধরে বাড়তি দামে বিক্রি হওয়া চালের বাজার একই রকম রয়েছে।
দুই দফায় বন্যায় খাদ্য সঙ্কট এড়াতে সরকার চাল আমদানিতে শুল্ক কমিয়ে আনে। তাতে আমদানিও বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অর্থবছরের প্রথম ৫১ দিনে (১ জুলাই থেকে ২১ অগাস্ট) মোট ৩ লাখ ৫২ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে, যা গত অর্থবছরের পুরো সময়ের প্রায় তিনগুণ।
এরপরেও মোটা ও সরু চালের দাম বাড়তিও রয়েছে।
মিরপুরের শাহীন জেনারেল স্টোরের পরিচালক শহীদুল ইসলাম বলেন, মিনিকেট ৫৪ থেকে ৫৫ টাকা, পাইজাম ও পাইরি ৪৪ টাকা, বিআর আটাশ ৪৮ থেকে ৫০ টাকা এবং নাজিরশাইল ৫৫ টাকা কেজিতে বিক্রি করছেন তারা।
শুক্রবার কারওয়ান বাজারে ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চাল ২৭৫০ থেকে ২৮৫০ টাকা, নাজিরশাইল ২৭৫০ থেকে ২৯০০ টাকা, আটাশ ২৫০০ টাকা, স্বর্ণা ও ভারত থেকে আসা মোটা চালের বস্তা ২০০০ টাকায় বিক্রি হয়। আর পোলাওয়ের চালের বস্তা আগের মতোই ৪১৫০ টাকা থেকে ৪২২৫ টাকায় বিক্রি হয়।
কারওয়ান বাজারের বরিশাল রাইস এজেন্সির ম্যানেজার আল হাসিব শুক্রবার বলেন, “বন্যার শুরুতে চালের দাম কিছুটা বেড়েছিল, এখন দাম ওই অবস্থায়ই আছে।”
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২২ অগাস্ট ঢাকার বাজারে নাজিরশাইল ৫৪ থেকে ৫৮ টাকা, বিআর আটাশ ও পারিজা ৪৭ থেকে ৫০ টাকা এবং গুটি ও স্বর্ণা চাল ৪৩ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়।
টিসিবির তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেট ৫২ থেকে ৫৫ টাকা, উত্তম মানের নাজিরশাইল ও মিনিকেট ৫৫ থেকে ৫৮ টাকা, সাধারণ মানের পাইজাম ও লতা চাল ৪৭ থেকে ৪৮ টাকা, উত্তম মানের পাইজাম ও লতা চাল ৪৮ থেকে ৫০ টাকা, স্বর্ণা ও চায়না ইরি চাল প্রতি কেজি ৪৩ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়।
মসলার বাজারে স্বস্তি
কোরবানির ঈদ সামনে রেখে গরম মসলার দাম সামান্য বাড়লেও তাতে স্বস্তিতেই আছেন ভোক্তারা। ঈদের আগে গরম মসলার দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে বিক্রেতারা বলছেন।
কারওয়ানবাজারে শুক্রবার এলাচ ১৪৫০ থেকে ১৫৮০ টাকা, দারুচিনি ২৮০ টাকা, লবঙ্গ ১০৫০ টাকা, কালো গোলমরিচ ৮০০ টাকা এবং জিরা ৩৮০ টাকা কেজিতে বিক্রি হয়।
চিনি শিল্প করপোরেশনের চিনি ৬৭ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। যদিও এই চিনির প্যাকেটের গায়ে দাম ৭০ টাকা লেখা রয়েছে। আর আমদানি হওয়া চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।
কারওয়ান বাজারের অনিক জেনালের স্টোরের বিক্রেতা মো. সুলাইমান বলেন, “অন্যবার কোরবানির ঈদের আগে গরম মসলার দাম বেশ বাড়লেও এবার সেভাবে বাড়েনি। ঈদের আগে মসলার দাম বাড়ার সম্ভবনা নেই।”











