বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় দিশেহারা রাজশাহীর দেড় লাখ মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার বন্যায় রাজশাহীর দুই উপজেলায় প্রায় দেড় লাখ মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এসব মানুষ পানিবন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন। তারা পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে পড়েছেন।

সরকারি-বেসরকারি কিছু সংস্থা তাদের সাহায্যে এগিয়ে গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। শুধু সরকারি হিসেবেই রাজশাহীর বাগমারা ও মোহনপুর উপজেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৬১১টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সরকারি হিসেবে, বানভাসি মানুষের সংখ্যা এক লাখ ৪২ হাজার ৬৮৫ জন। তবে এ সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দেড় লাখ বন্যা দুর্গত মানুষের জন্য সোমবার মাত্র পাঁচ লাখ টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। তবে এ অর্থ এখনও বিতরণ শুরু হয়নি। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের তালিকা করে এই টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

তবে এরই মধ্যে বন্যাদুর্গতদের মাঝে ৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক। তিনি জানান, বন্যা কবলিত এলাকার উপজেলা প্রশাসনের মাধ্যমে চালগুলো বিতরণ করা হয়েছে। তবে চাল ছাড়া আর কিছুই বিতরণ করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দ যা পাওয়া যাবে তা বিতরণ করা হবে বলে জানান তিনি।

এদিকে জেলার বাগমারা ও মোহনপুর উপজেলায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। বরং বাগমারার আরও একটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের সঙ্গে উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার সকালে বাগমারার ভেতর দিয়ে প্রবাহিত শিব নদীর পানির উচ্চতা ১৬ দশমিক ৮৯ মিটার এবং ফকিন্নী নদীর পানি ১৪ দশমিক ৮৯ মিটার রেকর্ড করা হয়েছে। এ দুটি নদীর পানি বিপৎসীমার ওপরেই আছে।

বাগমারার বাসুপাড়া, নরদাশ, শুভডাঙ্গা ও সোনাডাঙ্গা ইউনিয়নের কয়েকটি অভ্যন্তরীণ বাঁধ ভেঙে যাওয়ার কারণে ওই সব এলাকার ২২টি গ্রাম গত কয়েকদিন আগেই প্লাবিত হয়েছে। এখন নতুন করে উপজেলার যোগীপাড়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। এদিকে পশ্চিম বাগমারা হয়ে আত্রাই নদীর পানি মোহনপুর উপজেলায় ঢুকছে।
তবে মোহনপুরে শিব নদীর ভেঙে যাওয়া বাঁধ এক সপ্তাহ পর মেরামত করতে পেরেছে পানি উন্নয়ন বোর্ড। তারপরেও রায়ঘাটি ইউনিয়ন দিয়ে আত্রাই নদীর পানি মোহনপুরে ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এই উপজেলার জাহানাবাদ, বাকশিমইল ও মৌগাছি ইউনিয়নের ৮৯টি গ্রামের ৯৭০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা জানান, রাজশাহীতে বন্যায় ভেসে গেছে ৩২০টি বাণিজ্যিক খামারের মাছ। পুকুরগুলোতে আনুমানিক ৫৩ দশমিক ২৫ মেট্রিক টন মাছ ছিল। এসব মাছের মূল্য প্রায় এক কোটি ১৭ লাখ টাকা। এছাড়াও বানের পানিতে ভেসে গেছে প্রায় এক দশমিক ১২ টন পোনা মাছ। এগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি জানান, বানের পানিতে জেলার পবা, বাগমারা, মোহনপুর, তানোর ও গোদাগাড়ী উপজেলায় পুরোপুরি তলিয়ে গেছে ৬ হাজার ১৩২ হেক্টর ফসলি জমি। এতে কৃষকের কমপক্ষে ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় দুই উপজেলার বেশকিছু সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্কুল-কলেজে বন্ধ হয়ে গেছে পাঠদান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাগমারার এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ও পবা-মোহনপুরের এমপি আয়েন উদ্দিন ব্যক্তিগত তহবিল থেকে দুর্গত এলাকায় কিছু পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

তবে বহু বন্যার্ত মানুষের ঘরে এখনও কোনো ত্রাণ পৌঁছেনি। বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, সরকারি যে পরিমাণ চাল পাওয়া যাচ্ছে, তা কিছুই নয়। এগুলো দিয়ে চাহিদা মেটানো যাচ্ছে না। চালের পাশাপাশি অন্য ত্রাণসামগ্রী পাঠানো জরুরি।

এ উপজেলার নরদাশ ইউপির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, বেশির ভাগ জায়গায় রান্না করার পরিস্থিতি নেই। সেখানে চাল বিতরণ করে লাভ হবে না। দরকার নগদ টাকা। তা দিয়ে বন্যার্তরা অন্য জায়গায় আশ্রয় নিতে পারবেন। পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি করতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত বন্যার্তরা সরকারি কোনো অর্থ সহায়তা পাননি।

এ জাতীয় আরও খবর