আবারও একসঙ্গে অজয়-ইলিয়ানা
বিনোদন ডেস্ক : অজয় দেবগন ও ইলিয়ানা ডি ক্রুজ ‘বাদশাও’ ছবির আগে কখনো জুটি বাঁধেননি। মিলন লুথারিয়ার এই ছবির মাধ্যমে তাঁদের দুজনকে একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে।
এদিকে ‘বাদশাও’ ছবির ট্রেইলার ও গানে এই জুটির রসায়ন দেখে উচ্ছ্বসিত হয়েছেন পরিচালক রাজ কুমার গুপ্তা। তাঁর পরবর্তী ‘রেইড’ চলচ্চিত্রে অজয় ও ইলিয়ানাকে তিনি চুক্তিবদ্ধ করেছেন। তাই প্রথম ছবি মুক্তির আগেই নতুন আরো একটি ছবিতে অভিনয় করতে চলেছেন অজয় ও ইলিয়ানা।
মুম্বাই মিররের খবরে জানা যায়, সত্য কাহিনী অবলম্বনে নির্মিত হবে ‘রেইড’ চলচ্চিত্রটি। ভারতের ইতিহাসে আয়কর নিয়ে পুলিশের অতর্কিত তল্লাশির সবচেয়ে বড় ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। ছবিতে অজয়কে একজন আয়কর কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর ইলিয়ানাকে দেখা যাবে অজয়ের প্রেমিকা হিসেবে।
পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বছরের শুরুতেই যখন অজয়-ইলিয়ানা ‘বাদশাও’ ছবির কাজ শুরু করেন, তখনই তাঁদের জুটি নিয়ে কথা চলছিল। গত এক মাসে এ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়। অতি শিগগিরই ছবিটির জন্য চুক্তি স্বাক্ষর করবেন ইলিয়ানা।
‘রেইড’ ছবিটির পটভূমি হবে আশির দশকের উত্তর প্রদেশ। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত ও অভিষেক পাঠাক। ছবিটির গল্প লিখেছেন ‘এয়ারলিফট’ ও ‘পিঙ্ক’খ্যাত রিতেশ শাহ। ‘রেইড’ ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২০১৮ সালের ২০ এপ্রিল। অন্যদিকে, ‘বাদশাও’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ১ সেপ্টেম্বর।
ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গিয়েছিল আনিস বাজমির ‘মুবারাকান’ চলচ্চিত্রে। ‘বাদশাও’ চলচ্চিত্রে ইলিয়ানার চরিত্রের নাম গীতাঞ্জলি।
এরই মধ্যে ‘বাদশাও’ ছবিটির ‘রাসকে কোমর’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সূত্র জানায়, এ গানটিই অজয় ও ইলিয়ানাকে ‘রেইড’ ছবিতে জুটিবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ কুমার গুপ্তাকে প্রভাবিত করেছে।
এমডি/মানিক











