বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশকে শতভাগ নিরপেক্ষ হতে হবে’

news-image

রাজশাহী প্রতিনিধি : পুলিশ মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে মামলার তদন্ত প্রতিবেদন প্রদানের নিদের্শ দিয়ে বলেছেন, মামলা তদন্তের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষ হতে হবে। সব ধরনের প্রলোভন থেকে নিজেকে দূরে রেখে ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে তোমাদের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে এবং ভিকটিম তার প্রতিকার পাবে। আজ শনিবার সকালে রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নিদের্শ দেন।

এর আগে তিনি পুলিশ একাডেমিতে ৩৫তম বহিরাগত ক্যাডেট এসআই-১৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান করেন।

এ সময় সমাজ থেকে জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হবে। এর মধ্যে দিয়ে রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ নাজিবুর রহমান, ভাইস প্রিন্সিপ্যাল আব্দুল্লাহ আল মাহমুদ বিপিএম, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন খান ভূঁঞাসহ একাডেমির উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৩৫ বহিরাগত ক্যাডেট এসআই-১৬ ব্যাচে ৩৫ জন নারীসহ মোট এক হাজার ৩২৩ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর