বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় যাই হোক, উল্টোপথে গেলেই ব্যবস্থা

news-image

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পরিচয় যাই হোক, ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টোপথে গেলে, সিগন্যাল ভঙ্গ করলে, অবৈধভাবে গাড়ি পার্কিং করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘শব্দ দূষণ ও হাইড্রলিক হর্ন বন্ধে করণীয়’ বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কয়েক সপ্তাহ আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিডিয়ায় স্পষ্টভাবে বলেছেন, কোনো মন্ত্রী-এমপির গাড়িও উল্টাপথে চলতে পারবে না। আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের কঠোর অবস্থানের পরও অনেক ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তথাকথিত প্রভাবশালী মহল অনেক সময় উল্টোপথে গাড়ি চালাতে চায়। এতে পুলিশ বাধা দিলে তাদের নাজেহাল করা অপচেষ্টা লক্ষ্য করছি। কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা না করে আমরা পেশাদারিত্ব পালন করে যাচ্ছি।

ট্রাফিক ব্যবস্থায় রাতারাতি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় মন্তব্য করে আছাদুজ্জামান মিয়া বলেন, ট্রাফিক ব্যবস্থার টেকসই উন্নতির জন্য ধাপে ধাপে এগোতে হবে। আমাদের একটু সময় দেন। এক বছরের মধ্যে ট্রাফিক আইন ভঙ্গের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ডিএমপি কমিশনার বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে গত এক বছরে নেওয়া উদ্যোগে অনেক ক্ষেত্রে সফলতা এসেছে। উল্টাপথে গাড়ি চলা, মোটরসাইকেলে তিনজন যাত্রী ওঠা, হেলমেট ব্যবহার না করা, বিভিন্ন ধরণের স্টিকার ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করা, হাইড্রলিক হর্নের অননুমোদিত ব্যবহার অনেকটা কমে এসেছে।

গত এক বছরে নগরীর শব্দ দূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযানে ১০ হাজার হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর প্রধান সমস্যা যানজট। এর বিভিন্ন কারণ রয়েছে। প্রয়োজনের তুলনায় রাস্তার সংখ্যা কম, উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি, রিকশার আধিক্যসহ বহু কারণে যানজট প্রকট আকার ধারণ করছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, এমনকি আফ্রিকার দেশগুলোতেও ট্রাফিক সিগন্যাল মানা হয়। কিন্তু আমাদের দেশে কেউ ট্রাফিক সিগন্যাল মানতে চায় না, আইন মেনে গাড়ি চালাতে চায় না, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না। মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায়। তবে পুলিশের ব্যবস্থা নেওয়ার কারণে ও নগরবাসীর সহযোগিতায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।