তদন্তে ত্রুটির কারণে রাঘব বোয়ালদের বিচারের মুখোমুখি করা যায়নি : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রে আরও রাঘব বোয়ালরা জড়িত ছিল। নথি পর্যালোচনা করে দেখলাম, তদন্তে ত্রুটির কারণে তাদের বিচারের মুখোমুখি করা যায়নি। যদিও রায়ে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, এটা একটা ক্রিমিনাল কন্সপিরেসি- পরিকল্পিতভাব হত্যা করা হয়েছিল এবং তাদেরকে বিচারের সোপর্দ করার জন্য। বাংলার মানুষ স্বাধীনতার স্থপতিকে শুধু হারায়নি, তার বিশ্বাস, তার ভবিষ্যত সবাইকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল হত্যাকারীরা। এই উপমহাদেশের দুইজন জতির পিতাকে হত্যা করা হয়েছে। একজন হলেন মহাত্মাগান্ধি আরেকজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনের আগে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় কর্মসূচিতে উভয় বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, তাদের (হত্যাকারীদের) উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমস্ত পরিবারকে ইতিহাস থেকে মুছে ফেলা। এই হত্যাকা-ের সঙ্গে পৃথিবীর কোনো হত্যার মিল পাওয়া যায় না। আমরা স্তম্ভিত হয়ে যাই, যে কি রকমভাবে তারা হত্যা করেছিল। এ হত্যাকা- হলো কাপুরুষোচিত। বঙ্গবন্ধু হয়তা কারো শত্রু বা কারো বিরাগভাজন হতে পারেন। কিন্তু তার সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, আরও কষ্টদায়ক হলো, হত্যাকারিদের রাষ্ট্রের আইন দ্বারা বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি এই বিচার বিভাগের একজন সদস্য হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি, এই সুপ্রিম কোর্টই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বিচারের রায় প্রশস্ত করেছিল। ১৫ আগস্টের ওই হত্যাকা-কে কতিপয় উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার বিদ্রোহ বলে অনেকে চালানোর চেষ্টা করলেও এটা যে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল তার প্রথম প্রমাণ মাত্র দেড় মাসের মধ্যে হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমি আপিল বিভাগের যখন কনিষ্ঠ বিচারক, প্রকৃতপক্ষে আমি তখন অসুস্থ ছিলাম। সিঙ্গাপুরে তখন আমার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল। ট্রিটমেন্টে থাকাকালে মামলাটির বিচারের জন্য বেঞ্চ গঠন করা নিয়ে প্রবলেম হয়েছিল। তখনই আমাকে অনুরোধ করা হয়, তাড়াতাড়ি চলে আসেন। তখনও জানি না, আমি বাঁচতে পারবো কি না। যায় হোক, ট্রিটমেন্ট বাদ দিয়ে আমি চলে আসলাম। শপথ নিয়ে তারপর গিয়ে ট্রিটমেন্ট নিলাম।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, উনার (বঙ্গবন্ধুর) রক্তকে আমরা বৃথা যেতে দিচ্ছি না। এ কারনেই এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রায় নিয়ে প্রেসে আমি কিছু বলবো না।











