রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আলোচনার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের একদিন পর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে তিনি বঙ্গভবনে গিয়ে প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থান করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বেলা সোমবার ১২টার দিকে মন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গভবনে যান। দুপুর ১টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ অংশে যেসব কথা বলা হয়েছে সে বিষয়ে প্রধান বিচারপতির কাছে দলের যে অবস্থান ওবায়দুল কাদের তুলে ধরেন সেটাই সোমবার তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এর আগে, শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় যান ওবায়দুল কাদের। সেখানে অবস্থানকালে প্রধান বিচারপতি সঙ্গে আলাপের পাশাপাশি নৈশভোজে অংশ নেন তিনি।
পরে তিনি গণমাধ্যমকে জানান, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘিরে চলমান বিতর্কের বিষয়ে দলীয় অবস্থান জানাতেই প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎকালে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে যেসব বিষয় এসেছে, সে বিষয়ে দলের বক্তব্য তুলে ধরেছেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা ‘অবৈধ’ ঘোষণার রায় গত ১ আগস্ট প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এস কে সিনহা দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন। রায় প্রকাশের পর থেকেই এ বিষয়ে আলোচনা চলছে। রায়ে সংক্ষুব্ধ হয়ে সরকারি দল আওয়ামী লীগ প্রধান বিচারপতির কড়া সমালোচনা করলেও বিএনপি একে ‘ঐতিহাসিক’ বলছে।
এদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির ‘অপ্রাসঙ্গিক বক্তব্য’ ও পর্যবেক্ষণের প্রতিবাদে রোববার কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় তারা এসব ‘অপ্রাসঙ্গিক বক্তব্য’ আদালতকে স্বপ্রনোদিত হয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
অপরদিকে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনে প্রধান বিচারপতির ওপর সরকার চাপ সৃষ্টি করা হচ্ছে। ‘সরকার ও আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতি এবং বিচার বিভাগ সম্পর্কে যেভাবে কথা বলছেন সেটা কোনও রাজনৈতিক ভাষা নয়। এ ভাষা হচ্ছে সন্ত্রাস ও সহিংসতার। অবশ্য এই ভাষায় কথা বলা তাদের চরিত্রও বটে।’











