দূতাবাসের সহায়তায় দেশে ফিরেছেন সৌদিপ্রবাসী প্যারালাইজড মোতালেব
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদূত গোলাম মসীহর সহায়তায় দেশের ফেরার মধ্য দিয়ে আব্দুল মোতালেব মজুমদারের দীর্ঘ ৩৫ বছরের প্রবাস জীবনের অবসান হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে রাষ্ট্রদূতের অর্থ সাহায্যে দেশের উদ্দেশে সৌদি আরব ছেড়েছেন তিনি।
সৌদি আরবের বাজার ইন্টারন্যাশনাল কোম্পানিতে বিক্রয়কর্মীর কাজ করতেন মোতালেব। তিনি জানান, একবার রমজান মাসে হঠাৎ শারীরিকভাবে অচল হয়ে যান তিনি। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তিনি প্যারালাইসিসে (পক্ষাঘাত) আক্রান্ত।
তার অভিযোগ, হঠাৎ অসুস্থ হওয়ার পর ছোট ভাই কর্মব্যস্ততার কথা বলে দূরে সরে যান। অথচ তিনিই আজীবন ভাইবোনকে প্রতিষ্ঠিত করতে কাজ করে গেছেন।
সৌদি আরবে নিয়োজিত রাষ্ট্রদূতের সাহায্যে আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশ বিমানের টিকেটের ব্যবস্থা করা হয়। দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত গোলাম মসিহ নগদ অর্থ ও বিমানের টিকেট আব্দুল মোতালেবের হাতে তুলে দেন। এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন আহমদ, শ্রম কাউন্সিলর সারোয়ার আলমসহ উইংয়ের অন্যান্য কর্মকর্তা এবং প্রেসউইংয়ের দ্বিতীয় সচিব ফকরুল ইসলামসহ আরো অনেকে।
শ্রম কাউন্সিলর সারোয়ার আলম সাংবাদিকদের জানান, দেশে ফিরে চিকিৎসার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস ফান্ডে আবেদনের সুযোগ রয়েছে আব্দুল মোতালেবের। ওই আবেদনে আমরা সুপারিশ করব। ফলে তিনি চিকিৎসার জন্য এককালীন অর্থ পাবেন।
দুই মেয়ে এবং দুই ছেলের জনক চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বুলাচোঁ গ্রামের আব্দুল মোতালেব মজুমদার ১৯৭৮-৭৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।
চার সন্তানের মধ্যে তিনজনের এখনো লেখাপড়া শেষ হয়নি। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। মেঝ মেয়ে কমার্সে এইচএসসিতে পড়ছে। বড় ছেলে ডিপ্লোমা করছে এবং ছোট ছেলেটা চাঁদপুরের আল-আমিন একাডেমিতে পঞ্চম শ্রেণীতে। এখন অবশ দুই পা নিয়ে দেশে ফিরে কী করবেন তাই ভাবছেন প্রবাসী আব্দুল মোতালেব।











