বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী কে হচ্ছেন?

news-image

গাজীপুর প্রতিনিধি : প্রথম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। ওই নির্বাচনে প্রার্থীদের সরাসরি দলীয় প্রতীক না থাকলেও লড়াই হয়েছে দলীয়ভাবে। বিএনপি প্রার্থী অধ্যাপক এমএ মান্নানের টেলিভিশন মার্কার কাছে প্রায় সোয়া লাখ ভোটের ব্যবধানে হেরে যান আওয়ামী লীগ প্রার্থী দোয়াত কলম মার্কার অ্যাডভোকেট আজমত উল্লা খান। প্রথম নির্বাচনে পরাজয়ের পর সরকারি দল আওয়ামী লীগ কাঁটায় কাঁটায় মেয়াদ গুনতে শুরু করে। এরই মধ্যে চলতি মাসের ৬ জুলাই এ সিটি করপোরেশনের চার বছর পূর্তি হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনও (ইসি) প্রস্তুতি নিচ্ছে দলীয় প্রতীকের মাধ্যমে আগামী বছরের মে কিংবা জুন মাসের মধ্যেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার। এ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ। এবার ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ। এখন থেকেই প্রার্থী বাছাই ও প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করছে ক্ষমতাসীন দল। সাবেক গাজীপুর ও টঙ্গী পৌরসভা, গাছা, বাসন, কোনাবাড়ী, কাশিমপুর, সালনা, পুবাইল ও গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের আংশিক এলাকা নিয়ে গঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন। নগর পিতা হওয়ার স্বপ্ন নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক তিনবারের মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খান। সেই স্বপ্ন নিয়েই তিনি মেয়র পদে দলীয় সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নামেন। সেবার হেরে গেলেও এখনও তিনি হাল ছাড়েননি। এবার তিনি প্রার্থী হতে চান নৌকা প্রতীক নিয়েই। আগামী সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন বা গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ নানাভাবে এমন প্রচার-প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকরা। টঙ্গীর জাকির হোসেন নামে এক সমর্থক বলেছেন, গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ার জন্য আজমত উল্লা খান এককভাবে দায়ী নন। এর জন্য নানা নাটকীয়তা, ষড়যন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতিসহ কিছু বিষয় কাজ করেছে। এবার দলে আর সে অবস্থা নেই। দল আগের চেয়ে আরও অনেক সুসংহত। সরকারের সাফল্যও আছে অনেক। আজমত উল্লা খান সকালের খবরকে বলেন, আমি দল ও গাজীপুরের জনগণের জন্য কাজ করেছি। আমি আশাবাদী দলীয় প্রতীক নিয়ে জিসিসি মেয়র নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দেবেন। অন্যদিকে গাজীপুর সিটি নির্বাচনে হাল ছাড়তে নারাজ সাবেক বিদ্রোহী প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। তিনি গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে শেষ মুহূর্তে দলীয় চাপে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও তখন তিনি তা মন থেকে মেনে নিতে পারেননি। এবারও তিনি মেয়র প্রার্থী। দলের পক্ষ থেকে তাকেই মনোনয়ন দেওয়া হবে-এমন আশা নিয়ে তিনি অনেক আগে থেকেই মাঠ গোছানোর কাজ করছেন। সেই লক্ষ্যে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে নানাভাবে সম্পর্ক তৈরির চেষ্টা করছেন। তিনিও দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে শতভাগ আশাবাদী। তিনি কেন্দ্রীয় নীতিনির্ধারক ও শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অন্যদিকে নতুন মুখ হিসেবে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র হিসেবে গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ, শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিকে সমর্থন জানিয়েছেন সরকারদলীয় নেতাকর্মীরা। অনেকেই বলছেন, মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে নিয়ে তিনি রাত-দিন পরিশ্রম করছেন দলীয় ভাবমূর্তি বজায় রাখতে। টঙ্গী সরকারি কলেজের সাবেক জিএস মতিউর রহমান মতি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানা যায়, মহানগর আওয়ামী লীগে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে তার। ওই সংস্থার এক কর্মকর্তা বলেন, দলীয় বড় অনুষ্ঠানগুলোতে ইতোমধ্যে তার সমর্থকদের উপস্থিতি রয়েছে অনেক। এ ছাড়া সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ও মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল সিটি নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। আসাদুর রহমান কিরণ অধ্যাপক এমএ মান্নানের অবর্তমানে দীর্ঘ ২৮ মাস প্রথম প্যানেল মেয়র হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি সকালের খবরকে বলেন, এত বছর ধরে রাজনীতি করছি। রাজনৈতিক জীবনে সবারই তো একটা আশা থাকে। দল যদি আমাকে সমর্থন করে, তাহলে আমি নির্বাচন করব। সেই লক্ষ্য নিয়েই আমি সামনে এগোচ্ছি। তিনি বলেন, পরপর চারবার সফল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। এমনকি অত্যন্ত দক্ষতার সঙ্গে জনগণের পাশে থেকে ২৮ মাস সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছি। মহানগর যুবলীগ আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সমর্থকরা বলছেন, রাসেল সরকার গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের তরুণ সমাজের একজন নিবেদিতপ্রাণ। বিশেষ করে দলীয় অনুষ্ঠানগুলোতে রাসেলের সমর্থকদের উপস্থিতি লক্ষণীয়। নীতিনির্ধারণী ফোরাম ও নগরবাসীর দৃষ্টি আকর্ষণের জন্য রাসেলের কর্মী-সমর্থকরা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ছবিযুক্ত ফেসবুক, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাসেলও কর্মী-সমর্থকদের নিয়ে নিজের মতো করে নির্বাচনী মাঠ গোছানোর চেষ্টা করছেন এবং নগরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটিয়েছেন। রাসেল সরকার সকালের খবরকে বলেন, প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও যুবলীগসহ সব অঙ্গসংগঠনে আমার বহু কর্মী-সমর্থক রয়েছেন। তারা চাচ্ছেন আমি গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করি। তাদের সমর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি প্রস্তুত রয়েছি। আর দল যাকেই যোগ্য মনে করে মনোনয়ন দেবে আমি তার পক্ষেই কাজ করব।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি