বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রান্তিক জনগোষ্ঠীর কথা শুনতে হলে তৃণমূলে যেতে হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখের কথা জানতে হলে তৃণমূলে যেতে হবে। একইসাথে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হলেও গ্রামীণ জনপদে যাওয়ার বিকল্প নেই।

বিবার্তার সাথে আলাপকালে কথাগুলো বলছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেত্রী অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।

সরকারের উন্নয়ন চিত্র গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে প্রত্যন্ত জনপদে ছুটে বেড়াচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিভিন্ন স্থানে তারা প্রান্তিক জনগণের সাথে উঠান বৈঠক করছেন। শুনছেন তাদের সুখ-দুঃখের কথা।

এরই ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে তিন বছর ধরে উঠান বৈঠক করে আসছেন বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেত্রী অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি।

মুক্তি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। কারণ শুধু সভা-সমাবেশের মাধ্যমে সরকারের প্রকৃত উন্নয়ন চিত্র তুলে ধরা সম্ভব নয়। এ কারণে গতানুগতিক ধ্যান ধারণা থেকে দলের নেতাকর্মীদের বের হয়ে আসা উচিত। বাড়ানো উচিত জনসম্পৃক্ততা। আর এর অন্যতম মাধ্যম উঠান বৈঠক।

তিনি বলেন, উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূলের সাথে দলের সম্পর্ক সুদৃঢ় হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রায়ই নির্দেশনা দেন। আমি নিজে আমার একটি সংস্থার মাধ্যমে প্রায় তিন বছর ধরে গ্রামীণ নারীদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করছি।

উঠান বৈঠকের মাধ্যমে তৃনমূলের মানুষের সাথে যেমন মেশা যায়, তেমনি তাদের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। একই সাথে সরকার যে সব উন্নয়ন করছে সেগুলো তাদেরকে বোঝানো যায়- যোগ করেন তিনি।

মুক্তি বলেন, কয়েকদিন আগে একটি উঠান বৈঠকে একজন বিধবা বৃদ্ধার কাছে শুনেছিলাম তিনি বিধবা ভাতা পান কিনা। তিনি বলেছিলেন তিনি সেটি পান। আমি তাকে বুঝিয়ে ছিলাম যে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে তিনি সেটি পাচ্ছেন। এভাবে মানুষের সুখ দুঃখের কথা শোনা বা গল্প গুজোবের মাধ্যমে তৃনমূলের পালস বোঝা যায়।

এ জাতীয় আরও খবর