শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে শিশু কন্যা মাইমুনাকে (৬) শ্বাসরোধ করে হত্যা করছে তার মা সাবিয়া আকতার আশা (২৫)। পরে সে নিজে শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কেটে আত্মহত্যার চেষ্ঠা করে।
শুক্রবার ভোরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মা আশাকে গ্রেফতার করেছে।
নিহত মাইমুনা ও আশা বেলাইচন্ডি ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে ও স্ত্রী।
নিহতের দাদী রেজিয়া বেগম জানান, নফল রোজা থাকবে বলে সেহরি খাওয়ার সময় আশাকে ডাকতে গিয়ে দেখতে পাই ঘরে রক্তাক্ত মেয়ে ও মা ঘুমিয়ে আছে। তার চিৎকারে বাড়ির লোকজন উঠে দেখে মাইমুনার নিথর দেহ ও মা আশা অজ্ঞান হয়ে পড়ে আছে।
সকালে মা আশাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন বলে নিশ্চিত করেন চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস। ঘাতক আশার ব্যবহৃত মোবাইল ফোন চেক করে জানা যায় ঢাকায় থাকা আনসার ব্যাটালিয়নে চাকরিজীবী স্বামী এরশাদ আলীর কাছে মোবাইল ম্যাসেজে সে বলেছে, ‘আমি আমার অভিশপ্ত জীবন থেকে তোমাকে মুক্তি দিলাম’।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে মডেল থানার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূর্বে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে কয়েক দফা স্থানীয় শালিসও হয়েছে।











