বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় পুড়ল তিন ভবন, দুই লাশ উদ্ধার

news-image

ঢাকার উত্তরায় পাশাপাশি তিনটি ভবন ভয়াবহ আগুনে পুড়ে গেছে; এর মধ্যে একটি আবাসিক হোটেল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, সোমবার ভোর ৫টার দিকে উত্তরার রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশে ৪ নম্বর সেক্টরে চারতলা সি-শেল রেস্তোরাঁর তিনতলায় প্রথম আগুন লাগে।

পরে তা পাশের ছয়তলা সি-শেল আবাসিক হোটেল ও তার পাশের এ কে টাওয়ারে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে  নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহামুদুল হক জানান।

উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর সি-শেল আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে চতুর্থ তলার ৩০২ নম্বর কক্ষ থেকে এক ৩০-৩৫ বছর বয়সী একজন পুরুষ এবং ২৫-২৬ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ওই দুইজনের নাম জানাতে না পারলেও শাকিল নেওয়াজ বলেছেন, “হোটেলে ওই দুইজনই ছিলেন বলে মালিক আমাদের জানিয়েছে। হতাহত অন্য কাউকে এখন পর্যন্ত আমরা দেখিনি।”

ফায়ার সার্ভিসকর্মীরা আসার পর সি শেল রেস্তোরাঁতেও কোনো কর্মচারীকে দেখা যায়নি বলে জানান তিনি।

“কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেনি। পুলিশের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আসে। তার আগেই তারা সবাই পালিয়ে যায়।”

ক্ষতিগ্রস্ত তিন ভবনের মধ্যে মাঝখানের চার তলা ভবনের পুরোটা জুড়ে ছিল সি-শেল রেস্তোরাঁ। ওই ভবনের পুরোটাই পুড়ে গেছে।

তার উত্তরের ছয় তলা ভবনটির চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ছিল সি-শেল হোটেল অ্যান্ড রেসিডেন্স। আর তৃতীয় তলায় ছিল পার্টি সেন্টার। ভবনটি নিচতলায় রয়েছে একুশে সুইটস অ্যান্ড বেকারি এবং রহিম আফরোজের একটি আউটলেট আর দোতলায় আইসিবি ইসলামিক ব্যাংকের কার্যালয়।

শাকিল নেওয়াজ জানান, আগুনে সি-শেল হোটেল ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ দিকের এ কে টাওয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সি-শেল রেস্তোরাঁর মালিক আমানউল্লাহ আমান নামের এক ব্যবসায়ী। তিনি পাশের ভবনের একটি অংশ ভাড়া নিয়ে আবাসিক হোটেল চালাচ্ছিলেন। ছয় তলা ওই ভবনের মালিক উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ।

আবু হানিফের স্ত্রী ইসমে আরা হানিফ বলেন, “আমাদের চার তলা থেকে ছয় তলা ভাড়া দিয়েছি আমানুল্লাহ আমানের কাছে। তিনিই হোটেল চালাচ্ছিলেন। আমাদের ভবনে অগ্নি নির্বাপনের সব ব্যবস্থা ছিল। কিন্তু ভবনে আমাদের কোনো কর্মচারী ছিল না।”

এ কে টাওয়ারের ব্যবস্থাপক আলাউদ্দিন বলেন, খবর পাওয়ার পরে তিনি এসে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে দেখেন। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

ফায়ার সার্ভিস কর্মীরাও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানাতে পারেননি।

এ জাতীয় আরও খবর