উপকূলীয় জেলেদের সাগরযাত্রা এখন নিরাপদ
নিজস্ব প্রতিবেদক : উপকূলের জেলেদের মনে জলদস্যুদের নিয়ে ভয় কমে গেছে। গভীর সাগর এবং উপকূলে জলদস্যু দমনে সরকারের আইনশৃংখলা বাহিনীর বিশেষ প্রচেষ্টা এবং গত কয়েক বছরে জল ও বনদস্যুদের আত্মসমর্পন এবং দস্যুবৃত্তি থেকে অনেক দস্যুর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন সাগরযাত্রাকে নিরাপদ করেছে। জেলেদের মনে সাহস ফিরে এসেছে। বিগত বছরগুলোর তুলনায় গভীর সাগর, উপকূলের তীরবর্তী এবং নদনদীর জেলে সংখ্যাও বেড়ে গেছে বলে জেলেরা জানান।
বিবার্তার উপকূলীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা যায়, এই মুহূর্তে নদী-সাগর হাতছানি দিয়ে ডাকছে জেলেদের। সারা বছরের ধার-দেনা শোধ করাসহ জীবিকা নিশ্চিত করতে জেলেরা প্রস্তুতি নিয়েছে রূপালি ইলিশ শিকারের। ব্যস্ততা চলছে আড়তদার, ট্রলার মালিক এবং সংশ্লিষ্ট সবার মধ্যে। উপকূলীয় জেলেরা আগেই নৌকা-ট্রলার গড়া, মেরামত, জাল-দড়ি, রসদ সামগ্রী নিয়ে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি শেষ করেছে। অনেকেই এখন নির্বিঘ্নে ও নিরাপদে সাগরে যাওয়া আসা করছে। ব্যস্ততা বেড়েছে জেলে পল্লীগুলোতে। দেশের দ্বিতীয় বৃহৎ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকাররা আসছেন। চলছে বরফকলগুলোও। ভোজনবিলাসী বাঙালির পাতে ইলিশ তুলে দেয়ার দায়িত্ব যে এই জেলেদেরই।
বরগুনা জেলা মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী, জেলার ছয়টি উপজেলায় মোট ২৯ হাজার ৫৪১টি জেলে পরিবার রয়েছে। বরগুনা সদরে সাত হাজার, আমতলী উপজেলায় সাত হাজার ২০০, পাথরঘাটায় নয় হাজার ৭১জন, বামনায় এক হাজার ১০০ ও বেতাগী উপজেলায় চার হাজার ১৭০টি জেলে পরিবার বাস করে। তবে বেসরকারিভাবে জেলেদের সংখ্যা আরও বেশি। বংশ পরম্পরায় পেশাজীবী এসব জেলের জীবিকার প্রধান উৎস বঙ্গোপসাগর ও স্থানীয় নদ-নদী।
বরগুনা জেলা জেলে সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, গত কয়েক মৌসুমে ইলিশের আকাল, জলদস্যুদের হামলা ও অপহরণের শিকার হয়ে ঋণের দায় বেড়েছিল অনেক। সে অবস্থার পরিবর্তন ঘটেছে। ইলিশ শিকারে ব্যর্থ হওয়া যাবে না। লাভের মুখ দেখতেই হবে।
অতীতের বছরগুলোর তুলনায় এবার সাগরে জলদস্যুদের উৎপাত নেহায়েতই কম। এ কারণে জেলেরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। গত দুই থেকে তিন বছরে র্যাব সদস্যরা সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় হানা দিয়ে জলদস্যু নির্মূলে ব্যাপক ভূমিকা রেখেছে। সাগর-নদীতে কোস্টগার্ডের জোরালো টহলে জলদস্যুদের বিচরণক্ষেত্র অনেকটাই গুটিয়ে গিয়েছে।এ সব তথ্য দিয়েছেন জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
র্যাব ৮ সূত্রে জানা গেছে, জলদস্যু নির্মূলে র্যাব এর অব্যাহত অভিযানে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু মাস্টার বাহিনী ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। বাকি দস্যুরাও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দস্যুদের অনেকেই চাচ্ছে আত্মসমর্পণ করতে। জলদস্যু বাহিনীগুলো নিশ্চিহ্ন হচ্ছে। ইলিশ মৌসুমে সাগরে জেলেদের মৎস্য আহরণ নিরাপদ করার জন্য বঙ্গোপসাগরের চরেও (মেহের আলী পয়েন্ট) র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সুন্দরবনের খালগুলোতে জোরদার টহল থাকে।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানিয়েছেন, স্থলভাগে জলদস্যুদের সোর্সদের আটক করার জন্য পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এখানকার কমপক্ষে সাত জলদস্যু নিহত হয়েছে। অনেকে দস্যু কারাগারে রয়েছে। জলদস্যু নির্মূলে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।











