কোটচাঁদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার বখশীপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে মাইদুল ইসলাম রানা (৪৫) ও একই উপজেলার বলরামপুর গ্রামের সলেমান মণ্ডলের ছেলে আলিম উদ্দিন (৫৭)। রানা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও আলিমুদ্দিন তার সহযোগী ছিলেন।
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি বন্দুক, একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
র্যাব ৬ এর ঝিনাইদহ কম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, উপজেলার কুশনা গ্রামের একটি মাঠে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ১০-১২ জন বসে নাশকতার পরিকল্পনা করছেন- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের একটি টহল দল রাত ১২টার দিকে সেখানে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে রানা ও আলিমুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ১টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে র্যাবের এই কর্মকর্তা জানান। তিনি জানান, নিহতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত লাশ কোটচাঁদপুর থানায় ছিল।











