সাইবার ক্রাইম: আগামী ৫ বছরে অবস্থা খুবই ভয়াবহ !
নিজস্ব প্রতিবেদক : দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আর সেই সঙ্গে হুরহুরকরে বাড়ছে সাইবার অপরাধ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, যেভাবে দেশে এ অপরাধ বাড়ছে, আগামী ৫ বছরে খুবই ভয়াবহ অবস্থা হতে পারে। ইন্টারনেটের গ্রাহক বাড়া, মূল্যবোধের অভাব এবং অসচেতনতাই এ অপরাধ বাড়ার মুল কারণ। এ অপরাধ নিয়ন্ত্রণের জন্য সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগ করার কথাও বলছেন তারা।
কোন কোন অপরাধ সাইবার অপরাধ?
০১. ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার, নেটওয়ার্ক অবকাঠামোকে সরাসরি আক্রমণ।
০২. ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি ও জাতীয় নিরাপত্তা ব্যত্যয় ঘটানো।
০৩. মেলওয়্যার স্পামিং বা জাঙ্ক মেইল।
০৪. ই-মেইল, ব্লগ বা ওয়েবসাইট ব্যবহার করে হুমকি দেয়া, ব্যক্তির নামে মিথ্যাচার বা অপপ্রচার, নারী অবমাননা, যৌন হয়রানি।
০৫. লগইন বা অ্যাকসেস তথ্যচুরি।
০৬. ইন্টারনেট থেকে তথ্যচুরি করে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি।
০৭. সাইবার মাদক ব্যবসা।
০৮. পাইরেসি, সদ্য প্রকাশিত গান ও সিনেমার এমপিথ্রি বা মুভি ফাইল ইন্টারনেটে শেয়ার।
০৯. ব্লগ ও ওয়েবসাইট থেকে কোনো লেখা ও ফটোগ্রাফি কপি।
১০. পর্নোগ্রাফি।
১১. ব্যক্তিগত তথ্য, পরিচয়, ছবি চুরি।
১২. হ্যাকিং।
১৩. গুরুত্বপূর্ণ তথ্য কিংবা ক্রেডিট কার্ড নাম্বার চুরি করে গোপনে অনলাইন ব্যাংক থেকে ডলার চুরি করা।
সাইবার অপরাধের বিচারের জন্য দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন রয়েছে। এ আইনের ৫৪ ধারা অনুযায়ী, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি, অনিষ্ট সাধন যেমন ই-মেইল পাঠানো, ভাইরাস ছড়ানো, সিষ্টেমে অনধিকার প্রবেশ বা সিস্টেমের ক্ষতি করা ইত্যাদি অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা।
৫৬ ধারায় বলা হয়েছে, কেউ যদি ক্ষতি করার উদ্দেশ্যে এমন কোনো কাজ করেন, যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্য বিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা এর উপযোগিতা হ্রাস পায় অথবা কোনো কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক বা কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করেন, তবে এটি হবে হ্যাকিং অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।
৫৭ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে কোনো মিথ্যা বা অশ্লীল কিছু প্রকাশ বা সম্প্রচার করে, যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি হয় অথবা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তাহলে এগুলো হবে অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।
এছাড়া এ আইনের ৬৮ ধারা অনুসারে সাইবার অপরাধের বিচারের জন্য ২০১৩ সালের শেষের দিকে গঠিত হয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। তবে তা যথেষ্ট নয় বলে বলছেন বিশ্লেষকরা। শুরুতে মাত্র তিনটি মামলা নিয়ে এ ট্রাইব্যুনালের কাজ শুরু হলেও বর্তমানে ৩৮২টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
৬৮ ধারার বলা হয়েছে, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের অধীন সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের উদ্দেশ্য এক বা একাধিক সাইবার ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার কর্তৃক নিযুক্ত একজন দায়রা জজ বা একজন অতিরিক্ত দায়রা জজের সমন্বয়ে সাইবার ট্রাইব্যুনাল গঠিত হবে। এভাবে নিযুক্ত একজন বিচারক ‘বিচারক- সাইবার ট্রাইব্যুনাল’ হিসেবে অভিহিত হবেন।
কঠিন শাস্তির আইন এবং ট্রাইব্যুনাল থাকলেও থামছেই না সাইবার অপরাধ। দিনে দিনে তা আরও বেড়েই চলেছে। এরমধ্যে নারীনাই এ অপরাধের বেশী শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করেই এসব অপরাধ বেশী সংগঠিত হচ্ছে। এজন্য বিভিন্ন সময়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে দেশে অশ্লীলতা বাড়ছে। একশ্রেণীর তরুণীরা ফেসবুক লাইভে নিজেকে অশ্লীলভাবে উপস্থাপন করছে। যা পরে ইউটিউবসহ অনান্য ভিডিও মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যাচ্ছে।
এছাড়া সম্প্রতি বিভিন্ন আইডির লগইন বা অ্যাকসেস তথ্যচুরি, ইন্টারনেটের মাধ্যমে হুমকি, মিথ্যাচার বা অপপ্রচারসহ এ অপরাধের আওতায় থাকা অনান্য অপরাধগুলোও দেশেও সংগঠিত হচ্ছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এরমধ্যে বেশিরভাগই নতুন। মানুষ ইন্টারনেটমুখী হবার কারণে এসব অপরাধও বাড়ছে। মূল্যবোধ আর সচেতনতার অভাবকেই দায়ী করছেন তারা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি (অপরাধতত্ব) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বিডি২৪লাইভকে বলেন, দেশে এখন ইন্টারনেটের গ্রাহক বেড়ে গেছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার বেড়ে গেছে। কিন্তু ১০ বছর আগেতো এরকম সবকিছু ছিল না। এটা আমাদের কাছে অপরিচিত ছিল। এখন সামাজিক অবস্থা পরিবর্তন হচ্ছে। তাই অপরাধের ধরনগুলোও পরিবর্তন হচ্ছে।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হচ্ছে। আমেরিকা, কানাডাসহ অনেক উন্নত দেশে এসব নিয়ন্ত্রণে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সেসব দেশেও ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতি হচ্ছে। তবে আমাদের দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, আগামী ৫ বছরে খুবই ভয়াবহ অবস্থা হতে পারে। তাই এগুলোর দিকে গুরুত্ব সহকারে নজর দিতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
এদিকে সাইবার অপরাধ প্রতিরোধে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম টিম সাইবার নিরাপত্তায় বিভিন্নভাবে কাজ করছে। তারপরও অপরাধীরা আইনের চোখ ফাঁকি দিয়ে নানা ধরনের অপরাধ করছে।
এ অপরাধ দমনে নতুন আরেকটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। নতুন এই আইনের নাম হচ্ছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’। ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইন থেকে ৫৪, ৫৫, ৫৬ ও ৫৭ ধারা বাতিল করা হবে। তবে ধারাগুলো নতুন এই আইনের আওতায় নিয়ে আসা হবে। এই আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড। অপরাধগুলোও হবে জামিন অযোগ্য। ইতিমধ্যে আইনটির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োগের বিষয়েও সরকারকে গুরুত্ব দিতে হবে। এ অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ বিষয়ে অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, শুধু আইন হলে চলবে না, যথাযথভাবে আইন প্রয়োগের দরকার। একইসঙ্গে সামাজিক সচেতনতা দরকার।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি (অপরাধতত্ব) বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান বিডি২৪লাইভকে বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেকবেশী টেকনোলোজিমুখী। এখন সব কিছুই অনলাইন হয়ে গেছে। যখন চারদিকে অনলাইনের জোয়ার তৈরি হয় তখন মানুষের প্রতিক্রিয়া হয়। মানুষ প্রযুক্তিমুখী হবার কারণে এ ক্রাইম বাড়ছে। আর বেশিরভাগই নতুন ব্যবহারকারী। প্রথম প্রথম ভুল করে ফেলে। কেউ কেউ জানার আগ্রহ থেকে এসব কাজ করে ফেলে।
তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থা আগের থেকে আধুনিক হচ্ছে। এ অবস্থায় নানা ধরনের উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলোর মধ্যে একটা হচ্ছে সাইবার ক্রাইম। আমাদের মধ্যে সচেতনতার হারটা অনেক কম। মূল্যবোধ কমে যাচ্ছে। মূল্যবোধের অধঃপতনও এ অপরাধের একটা অন্যতম কারণ।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাইবার ক্রাইমের জন্য যে ট্রাইব্যুনাল আছে সেটা যথেষ্ট নয়। চট্টগ্রামের একটা সাইবার ক্রাইমের মামলা ঢাকায় করতে হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো ভুমিকা রাখতে পারে। আইনে কঠোর এবং শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলে এ অপরাধ কমবে।











