,

রোজার আগেই বাজারে আগুন

news-image

রোজার আগেই অস্থির নিত্যপণ্যের বাজার। যুক্তি সঙ্গত কোনো কারণ ছাড়াই বেড়েছে চাল, চিনি, গরুর মাংস ও রসুনের দাম। খুচরা ব্যবসায়ীরা দোষ চাপাচ্ছেন পাইকারী ব্যবসায়ীদের ওপর। অন্যদিকে, সরকারের দায়িত্বশীলদের তৎপরতাও চোখে পড়ার মতো নয়। সব মিলিয়ে ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারা।
ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, চাল, চিনি, গরুর মাংস ও রসুনের দাম বেড়েছে কোনো কারণ ছাড়াই। অন্যদিকে, মিশ্রভাব বিরাজ করছে মাছ ও সবজির বাজারে। তবে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
বাজারে মোটা চাল কেজিতে নতুন করে ১ থেকে ২ টাকা বেড়েছে। চিকন চালেও একই অবস্থা। পারিজাত চাল গত সপ্তাহে ৪৪ টাকায় বিক্রি হলেও শুক্রবার বিক্রি হয়েছে ৪৬ টাকা কেজি দরে। ‘২৮ চাল’ গত সপ্তাহে ৪৬ থেকে ৪৮ টাকার মধ্যে থাকলেও এ সপ্তাহে এসে বিক্রি হয়েছে ৫০ টাকা কেজিতে। গুটি স্বর্ণা গত সপ্তাহে ৪৩ টাকা কেজি থাকলেও এ সপ্তাহে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৫ টাকায়। নাজিরশাইল গত সপ্তাহে ৪৮ থেকে ৬৬ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হয়েছে ৫০-৬৮ টাকা কেজি দরে। এ ছাড়া সব ধরনের মিনিকেট চালে কেজিতে বেড়েছে ১ টাকা। গত সপ্তাহে মিনিকেট চাল বিক্রি হয়েছে ৫৩-৫৪ টাকা কেজি দরে। এ সপ্তাহে দাম বেড়ে হয়েছে ৫৪ থেকে ৫৫ টাকা।
এ বিষয়ে কাওরান বাজারের চাল বিক্রেতা বাচ্চু মিয়া বলেছেন, চালের দাম বৃদ্ধির সঠিক কোনো কারণ আমরা জানি না। এ ব্যাপারে পাইকারী ব্যবসায়ীরাই ভাল বলতে পারবেন।
তবে তিনি জানিয়েছেন, হাওরে আগাম বন্যায় ধান নষ্ট হয়ে যাওয়ায় নতুন চাল বাজারে উঠেনি। এ ছাড়া চাহিদার তুলনায় বর্তমানে বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে। তাই দাম বাড়ছে।
গত সপ্তাহে রাজধানীর খোলা বাজারে চিনি ৬৫ টাকা কেজিতে বিক্রি হলেও শুক্রবার বিক্রি হয়েছে ৭০ টাকা কেজিতে । এ ছাড়া বিভিন্ন কোম্পানির প্যাকেট চিনি গত সপ্তাহে ৭০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হয়েছে ৭২ টাকায়। এ বিষয়ে খুচরা ব্যবসায়ীরা কোনো কথা বলতে চাননি। তারা শুধু বলেছেন, এ ব্যাপারে আমরা কিছু জানিনা।
এ ছাড়া গত সপ্তাহে গরুর মাংস ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে এসে তা ৫০০ থেকে ৫২০ টাকায় বিক্রি হয়েছে।
কাওরান বাজারের মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন, গরুর দাম বাড়তি এবং চামড়ার দাম কম থাকায় এর প্রভাব পড়েছে মাংসের বাজারে। তবে খাসি ও বকরির মাংস বিক্রি হয়েছে আগের দামেই। অর্থাৎ, খাসি ৭০০ টাকা এবং বকরি ৬৫০ টাকা কেজি দরে।
বাজারে আমদানি করা রসুন গত সপ্তাহে ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হয়েছে ২৩০ টাকা কেজিতে। দেশি রসুনের বাজারও ঊর্ধ্বমূখী।
বাজারের এমন অস্থিরতা নিয়ে কথা হয় কাওরান বাজারের ক্রেতা বেসরকারি চাকরিজীবি রিপন মিয়ার সঙ্গে। তিনি বলেছেন, রোজার আগেই বাজার বেসামাল হয়ে পড়েছে। জানি না শেষপর্যন্ত কি হবে। রোজার মাস শান্তির মাস হলেও বাজারের এমন অস্থিরতার কারণে আমাদের মতো নির্দিষ্ট বেতনের কর্মজীবীদের জন্য এ মাস হয়ে উঠে দুঃসহ। তারপর আবার রয়েছে ঈদ।
বাজারে দাম বাড়েনি ব্রয়লার মুরগীর। শুক্রবার এই মুরগী বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। লাল লেয়ার মুরগী বিক্রি হয়েছে ১৮০ টাকা এবং সাদা লেয়ার ১৬০ টাকা কেজিতে। দেশি ও কক মুরগীর দামও স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে, কমেছে ডিমের দাম। ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে ১২টি (এক ডজন) ৮৫ টাকায়। আর হাঁসের ডিম বিক্রি হয়েছে ৯৫ টাকা ডজন।
বাজারে মাঝারি আকারে এক জোড়া ইলিশ মাছ বিক্রি হয়েছে ১২ শ’ টাকায়, রূপ চাদা বিক্রি হয়েছে ৭০০ টাকা থেকে সাড়ে ৯০০ টাকায় (আকার ভেদে দাম কম বা বেশি হয়ে থাকে)। রুই-কাতলা ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজির মধ্যেই বিক্রি হয়েছে। গলদা চিংড়ির কেজি ছিল ৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে। পাঙ্গাস ১০০ থেকে ১২০ টাকা, নলা মাছ ১৮০ টাকা এবং সিলভারকাপ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
বাজারে অধিকাংশ সবজির দাম কমেছে। আলু বিক্রি হয়েছে ১৭ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৮ টাকা। পটল ৪০ টাকা, গত সপ্তাহে ছিল ৫০ টাকা। করলা বিক্রি হয়েছে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। বেগুন ৫০ টাকা, গত সপ্তাহে ছিল একই। বরবটি ৪০ টাকা, গত সপ্তাহে ছিল ৬০ টাকা কেজি। ঢেঁড়শ ৩০ টাকা, গত সপ্তাহে ছিল ৪০ টাকা। শশা ২৫ টাকা, গত সপ্তাহে ছিল ৩০ টাকা। ঝিঙে ৫০ টাকা, গত সপ্তাহে ছিল একই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে