এসএসসিতে নিজের বাল্যবিবাহ ঠেকানো সাহসী শারমিনের কৃতিত্ব
নিজস্ব প্রতিবেদক : শারমিনের জীবনকাহিনীকে, তার সংগ্রামকে কোনো বিশেষণ দ্বারা বিশেষায়িত করা কঠিন। এবার তার সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। পড়াশোনার অদম্য ইচ্ছায় নিজের বাল্যাবিবাহ ঠেকিয়ে দৃষ্টান্ত স্থাপন করা ঝালকাঠির শারমিন আক্তার এসএসসিতে কৃতিত্বের সাথে পাশ করেছে। জেলার রাজাপুর উপজেলার এই সাহসী মেয়ে এসএসসিতে জিপিএ–৪ দশমিক ৩২ পেয়েছে। কোনো প্রতিকূলতাই তাকে ঠেকিয়ে রাখতে পারেনি।
নিজের মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে দুঃসাহাসী পদক্ষেপ নিয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছিল শারমিন। ঝালকাঠির রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামের শারমিন আক্তার ২০১৫ সালে নবম শ্রেণিতে পড়ার সময় তার মা তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। বিয়ে না করে সে বান্ধবীর সহযোগিতায় থানায় গিয়ে মা এবং যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, তার বিরুদ্ধে মামলা করে। এরপর সে তার দাদির কাছে থেকে লেখাপড়া করেছে। এজন্য সে চলতি বছর যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউসি) ২০১৭’ পুরস্কার পায়। গত ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করে শারমিন।
ফল ঘোষণার পর সংবাদমাধ্যমকে শারমিন বলেছেন, “জীবনে এত বড় আঘাত না এলে ঠিকই আমি জিপিএ ৫ পেয়ে আরও কৃতিত্বপূর্ণ ফলাফল উপহার দিতে পারতাম। আমি নিজের অধিকারের জন্য একদিকে সংগ্রাম করেছি, অন্যদিকে পড়াশোনা চালিয়ে গেছি। তারপরও আমি খুশি যে এত কিছুর পরেও আমি পড়াশোনাটা ধরে রাখতে পেরেছি। ”
পড়াশোনা করে শারমিন দেশের অসহায়, নির্যাতিত এবং অবহেলিত নারীদের জন্য কাজ করতে চায়।











