তথ্যপ্রবাহের স্বাধীনতা ধরে রাখতে হবে : তোয়াব খান
নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সাংবাদিক দৈনিক জনকণ্ঠ’র উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেছেন, দেশে বর্তমানে তথ্য প্রচারের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানভিত্তিক সমাজের ডাক দিয়েছেন। এ স্বাধীনতাকে ধরে রাখতে হবে।
অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট-এর পক্ষ থেকে তাকে দেয়া সম্মান গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিবার্তাকে ধন্যবাদ জানিয়ে বর্ষীয়ান এ সাংবাদিক বলেন, দেশে সাংবাদিকতা বিকাশের জন্য সরকারি পর্যায়ের বাইরেও কিছু প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। বিশেষ করে এ পেশার মানুষরাই এগিয়ে আসছে, এটা খুবই ভালো বিষয়।
তোয়াব খান বলেন, বর্তমান সময় হলো সাংবাদিকতার বিকাশ তথা তথ্য প্রচারের অবারিত স্বাধীনতার যুগ। বিশেষ করে অনলাইন নিউজ পোর্টালের ব্যাপক ছড়াছড়ির ফলে মানুষ এখন অনেক তথ্যসমৃদ্ধ। হাতে হাতে মোবাইল ফোন থাকায় তৎক্ষণাৎ সব খবর চলে আসে হাতের মুঠোয়। এটা খুবই সম্ভাবনাময় একটি বিষয়। তবে মনে রাখতে হবে তথ্যের অবাধ প্রবাহের সুযোগে কোনো অসততা, দায়িত্বহীনতা যেন আমাদের পেয়ে না বসে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সম্মাননা পাওয়া গুণীজনেরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানকে স্বার্থক ও সফল করায় অতিথিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ওবিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।
প্রতি বছরের মতো এবারও ১০টি ক্ষেত্রে ১১ গুণীজনকে সম্মাননা দেলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজপোর্টাল বিবার্তা২৪ডটনেট।
সম্মাননা পেলেন যারা
এবার বিবার্তা গুণীজন সম্মাননা পেয়েছেন তোয়াব খান (সাংবাদিকতা), সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান (শিল্প সংস্কৃতি), ডা. দীপুমনি (রাজনীতি), মাহবুব আরা গিনি (অদম্য নারী), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), এম এ গনি (প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক), মো. ইফতিখার-উজ-জামান (অর্থনীতি), মো. আব্দুর রাজ্জাক (সফল উদ্যোক্তা), মাবিয়া আক্তার সীমান্ত (ক্রীড়া) এবং সানিয়া বিনতে মাহতাব (গবেষণা)।











