বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মর্যাদা চেয়ে দীর্ঘ অবস্থান, উধাও স্বামীর পরিবার

news-image

ফরিদপুর প্রতিনিধি : স্ত্রীর মর্যাদার দাবিতে ফরিদপুরের নগরকান্দায় স্বামীর বাড়িতে ১০ দিন ধরে অবস্থান করছে এক তরুণী। তিনি ওই বাড়িতে যাওয়ার পর থেকেই উধাও স্বামী, শ্বশুর ও শাশুড়ি।

ওই তরুণী জানান, স্কুলজীবন থেকেই উপজেলার চরযোশরদী ইউনিয়নের মেঘেরদিয়া গ্রামের সুদর্শন চন্দ্র বিশ্বাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সেই সূত্র ধরে ২০১৪ সালের ৯ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তারা দুজন বিয়ে করেন। কিন্তু কিছুদিন ধরে সুদর্শন ওই তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।

এরই মধ্যে তিনি বন্ধুদের মাধ্যমে জানতে পারেন সুদর্শন অন্যত্র বিয়ে করছেন। সেই খবরে ২০ এপ্রিল ঢাকা থেকে গিয়ে সুদর্শনের বাড়িতে অবস্থান নেন তিনি।

সুদর্শন বিশ্বাস পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ রয়েছে।

ওই তরুণী বলেন, ‘আমি খুবই দরিদ্র পরিবারের মেয়ে। অর্থের অভাবে আমাদের পরিবারের কেউ পড়াশোনা করতে পারেনি। আমি অনেক কষ্টে অনার্স-মাস্টার্স করছি। একটি সরকারি চাকরির অনেক চেষ্টা করেছি, হয়নি। আমি হিন্দু মেয়ে। আমাদের ধর্ম মতে একবারই বিয়ে হয়। আমার বিয়ে হয়ে গেছে। এখন আমি আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি নিয়ে সংসার করতে চাই। তা না হলে আমার মৃত্যু অবধারিত।’

ওই তরুণীর নানি আশালতা মণ্ডল বলেন, ‘এই ছেলে দুইবার আমার নাতির বিয়ে ভেঙেছে। ফরিদপুরে নিয়া বিয়া করছে আজ তিন বছর। এখন কয় বিয়ে করবে না।’

এ বিষয়ে চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার বলেন, ‘নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে ও ঘর-সংসার করার সত্যতা আমরা পেয়েছি। আমরা চেয়েছি বিষয়টি মীমাংসা করতে। কিন্তু পরিবার কিছুতেই মেয়েটিকে মেনে নিতে রাজি হচ্ছে না। তারপরও আমার স্থানীয়ভাবে চেষ্টা করছি।’

বিষয়টি জানতে সুদর্শন চন্দ্র বিশ্বাস ও তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

তবে এ বিষয়ে সুদর্শনের চাচা রুহি দাস বলেন, ‘রাতে একা একটা মেয়ে বাড়ির বাইরে থাকলে সমস্যা হতে পারে। তাই মানবিক দিক বিবেচনা করে তাকে আমি আশ্রয় দিয়েছি।’

এ বিষয়ে আইনি সহায়তাদানকারী সংস্থা ব্লাস্টের ফরিদপুর সমন্বয়ক আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন, ‘এ বিষয়ে ওই তরুণীর যেকোনো সহায়তার প্রয়োজন হলে ব্লাস্ট তার পাশে থাকবে।’

এ জাতীয় আরও খবর