বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’ চলছে

news-image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের ‘অপারেশন ঈগল হান্ট’ শুরু হয়েছে। সকাল ৯টার দিকে অভিযান শুরুর আগেই বাড়িটি থেকে কয়েক দফা গুলির শব্দ শোনা গেছে।।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছানোর পরপরই অভিযান শুরু হয়।

গতকাল বুধবার ভোর সাড়ে ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবনগর এলাকার একটি বাড়ি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। এরপর বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন সোয়াট টিমের সদস্যরা। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ঈগল হান্ট’।

বুধবার রাত ৯টা ৫ মিনিটে ওই আস্তানার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার। তিনি বলেন, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অভিযান আবারও শুরু করা হবে।

এদিকে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ভোর থেকে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বজায় থাকবে বলে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।

গতকাল সন্ধ্যার দিকে বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে সোয়াট। গতকাল সেখান থেকে মুহুর্মুহু গুলি ও কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাত নয়টার দিকে অভিযান স্থগিত করা হয়। আজ ভোরে ফের অভিযান চালানো হবে বলে জানানো হয়।

পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ‘জঙ্গি আস্তানা’ হিসেবে যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে, সেটি সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের। একটি আমবাগানে বাড়িটির অবস্থান। বাড়িটিতে একই গ্রামের বাসিন্দা আবু (৩০) স্ত্রী ও দুই সন্তান নিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে আবুর পরিবার ছাড়াও বাড়িতে আরও দুজন থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

ওই বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরেই আবুর নিজের বাড়ি। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় গত ফেব্রুয়ারি থেকে তিনি এই বাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে।

সূত্র বলেছে, আবুর সঙ্গীদের মধ্যে মাহফুজুর রহমান ওরফে মোহন (২৮) ও আবদুস সালাম (৩৫) নামের দুজনকে গত মঙ্গলবার রাতে শিবনগর থেকে আটক করে পুলিশ। তবে তাদের আটক করার বিষয়ে পুলিশ কিছু বলেনি।

এ জাতীয় আরও খবর