জঙ্গিবাদ থেকে ফিরলে জীবিকার সুযোগ : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : যারা জঙ্গিবাদ ও চরমপন্থী জীবন থেকে স্বাভাবিক জীবনে আসতে চায় তাদের জীবন-জীবিকার সুযোগ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমরা সে জন্য কাজ করছি। ইতিমধ্যে যেসব জঙ্গি আত্মসমর্পণ করেছে তাদের তালিকা করা হয়েছে। তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করা হবে। যে ধরনের কাজ তারা করতে চায় সেটা করতে সহায়তা করা হবে যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তিনি আরও বলেন, জঙ্গিদের আত্মসমর্পণ করার পর ছেড়ে দিলে হবে না। তাদের প্রতিষ্ঠিত করে দিতে হবে।











