আল্লামা শফীর সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজত আমির আল্লামা আহমদ শফীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রোববার সকাল ১১টায় সেখানে যান তিনি। হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে আল্লামা শফীর কাছে ফিলিস্তিনের প্রধান বিচারপতি মাহমুদ সিদ্দিকীর একটি চিঠি হস্তান্তর করেছেন ইউসুফ এস ওয়াই রামাদান। এ ছাড়া ফিলিস্তিনে উৎপাদিত কয়েক পদের বিখ্যাত খেজুর, আতর এবং দেশটির ঐতিহাসিক স্থান ও স্বাধীনতা সংগ্রামের ওপর সাজানো একটি তথ্যচিত্র অ্যালবামও উপহার দেন।
হেফাজত আমিরের প্রেসসচিব জানান, চিঠি ও উপহার দেয়ার আগে আহমদ শফীর সামনে এসে তাকে সালাম দেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। মুসাফাহা ও মুয়ানাকা শেষে আরবরীতি অনুযায়ী তার কপালে চুমু দেন ইউসুফ। কুশল বিনিময় শেষে তাকে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় আসার জন্য ধন্যবাদ জানান আল্লামা শফী।
মাওলানা মুনির বলেন, বৈঠকে ইসলাম ও মুসলিম স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন হেফাজত আমির ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত। নিজের দেশের সর্বশেষ পরিস্থিতিও তুলে ধরেন ইউসুফ রামাদান। ফিলিস্তিনের সংগ্রামে হেফাজত আমিরের সার্বিক সমর্থনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান। হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন রাষ্ট্রদূত।
এরআগে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরির্দশন করেন ইউসুফ এস ওয়াই রামাদান। হেফাজত আমিরের কার্যালয় থেকে বিদায় নিয়ে হাটহাজারী মাদরাসার দারুল হাদিস মিলনায়তন, উচ্চতর হাদিস গবেষণা বিভাগ এবং আরবি ভাষা সাহিত্য বিভাগ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালীন দারুল হাদিসের ছাত্রদের কাছ থেকে বুখারি শরিফের হাদিসের পাঠ শোনেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। আরবি সাহিত্য বিভাগের খোঁজখবর নেয়ার পাশাপাশি ছাত্রদের উদ্দেশে ১৫ মিনিট বক্তব্য রাখেন। এরপর দারুল উলুম হাটহাজারীর প্রধান মসজিদ জামে বায়তুল করীম পরিদর্শন করেন ইউসুফ এস ওয়াই রামাদান। সবশেষে হেফাজতের মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।











