বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাসে ৯০ শতাংশ কৃষি ঋণ বিতরণ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিদেশী বাণিজ্যিক ব্যাংকসহ দেশের সকল বিশেষায়িত, রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইতিমধ্যে জুলাই ২০১৬ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত নয়মাসে ৯০ দশমিক শূণ্য ৯ শতাংশ কৃষি ও অকৃষি গ্রামীণ ঋণ বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরে তফসিলি ব্যাংকগুলো ইতিমধ্যে ১৫ হাজার ৮১০ কোটি ৪২ লাখ টাকা বিতরণ করেছে, যদিও এই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হলো ১৭ হাজার ৫৫০ কোটি টাকা।

এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ে বিদেশী ও বেসরকারি ব্যাংকগুলোর সাফল্য তুলনামূলকভাবে বেশি। এসময় সকল রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংক তাদের মোট লক্ষ্যমাত্রার ৮০ দশমিক ২৬ শতাংশ পূরণ করতে পারলেও বিদেশী ও বেসরকারি বাণিজ্যিক ব্যাকংগুলো তাদের লক্ষ্যমাত্রা আট হাজার ২৬০ কোটি টাকার ১০১ দশমিক ১৪ শতাংশ বিতরণ করেছে। অর্থাৎ বিদেশী ও বেসরকারি বাণিজ্যিক ব্যাকংগুলো আট হাজার ৩৫৪ কোটি ৩৩ লাখ টাকা ঋণ বিতরণ করেছে।

একই সময়ে ছয়টি রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত দুইটি বিশেষায়িত ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাকাব সাত হাজার ৪৫৬ কোটি নয় লাখ টাকা বিতরণ করেছে। যদিও এসময় ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ২৯০ কোটি টাকা।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘ঋণ বিতরণের সাম্প্রতিক ধারা নির্দেশ করে- চলতি অর্থবছরে বিতরণের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।’

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির ফলে বিগত বছরগুলোতে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে দেশ সফল হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি ঋণ বিতরণ কার্যক্রমের বিষয় নিয়ে তফসিলি ব্যাংগুলোর সাথে আলোচনার জন্য প্রতিমাসে বাংলাদেশ ব্যাংক বৈঠক করে থাকে।

এ জাতীয় আরও খবর