ব্রিটেনে বাড়তি পরীক্ষায় বাংলাদেশী চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক : ব্রিটেনের চিকিৎসা ব্যবস্থায় আরও বেশি পরীক্ষার মুখে পড়তে পারেন বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা। নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সম্প্রতি এক সমীক্ষায় দেশটির জেনারেল মেডিক্যাল কাউন্সিল (জিএমসি)-এর ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডাটা পর্যালোচনা করা হয়। এতে ব্রিটেনের রাষ্ট্রীয় তহবিলপুষ্ট ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের কর্মদক্ষতা মূল্যায়নে ১৩ দফা বেশি পরীক্ষা নিরীক্ষা চালানোর কথা বলা হয়েছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর এই সমীক্ষাটি প্রকাশ করেছে বিএমসি মেডিক্যাল এডুকেশন নামের একটি জার্নাল। এতে দেখা যায়, ব্রিটেনে প্রশিক্ষণ নেয়া চিকিৎসকদের তুলনায় ব্রিটেনের বাইরে প্রশিক্ষিত চিকিৎসকদের কর্মদক্ষতা মূল্যায়নের হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি।
এই সমীক্ষার প্রধান প্রণেতা ড. হেনরি পটস। তিনি বলেন, বিশেষ করে অনেকের ব্যাপারে একটি পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ রয়েছে; এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তবে আমার ধারণা, এটাই শুধু একমাত্র ফ্যাক্টর নয়। আমরা এই বিষয়গুলো উত্থাপন করেছি। আমরা মনে করি, এ ব্যাপারগুলো নিয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে।
প্রতিবেদনে এই ভারসাম্যহীন পরিস্থিতি মোকাবিলায় আরও বিশেষায়িত একটি পরীক্ষামূলক ব্যবস্থার কথা বলা হয়েছে।
বর্তমানে ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর প্রতি চারজন চিকিৎসকের মধ্যে একজন ব্রিটেনের বাইরে প্রশিক্ষিত। এর মধ্য দিয়ে এই সেবা ব্যাপকভাবে বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ২০১৬ সালে জেনারেল মেডিক্যাল কাউন্সিল (জিএমসি)-এর তরফ থেকে ব্রিটেনে প্র্যাকটিস করা বিদেশি চিকিৎসকদের জন্য কঠোরতর পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ব্যবহারিক মূল্যায়নের বিষয়টিও রয়েছে।











