ইসির অ্যাকশন প্ল্যান: চমক আসছে একাদশ সংসদ নির্বাচনে
নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর বাকি থাকলেও ইতোমধ্যে অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক রকীব উদ্দীন কমিশনের সকল ব্যর্থতাকে ঝেড়ে ফেলে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে সাফল্যের সাথে সমানে এগিয়ে যাচ্ছে নতুন ইসি। কুমিল্লা সিটি করপোরেশন, সুন্দরগঞ্জ ও দিরাই-শাল্লা আসনে উপনির্বাচন ও বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু ভোট অনুষ্ঠান করে জনমনে আস্থা তৈরি করতে পেরেছেন নতুন কমিশন। এবার একইভাবে একাদশ জাতীয় নির্বাচনও সুষ্ঠু করে চমক দেখাতে হাতে নিয়েছে ব্যতিক্রমী অ্যাকশন প্লান।
ইতোমধ্যে ‘অ্যাকশন প্ল্যানের’ খসড়া প্রস্তুত করেছে ইসি এবং ছোট বড় সব নির্বাচনকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এমনকি নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা উপজেলা পর্যায়ে সফর করেছে। গত সপ্তাহে অ্যাকশন প্লানের খসড়া নিয়ে সচিবের মিটিং কক্ষে বৈঠক করেন ইসির উপসচিব থেকে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা। ওই অ্যাকশন প্ল্যান অনুযায়ি সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনা সাজিয়েছে ইসি সচিবালয়। এতে উল্লেখ করা হয়েছে, আগামী সেপ্টম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।
এর আগে জুলাইয়ের মধ্যে ৭টি আইনে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা তৈরি করবে ইসি সচিবালয়। আইনগুলোর মধ্যে রয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮, স্বতন্ত্র প্রার্থী বিধিমালা-২০১১ অন্যতম। আগস্টের মধ্যে এসব আইন ও বিধিমালার সংশোধনীর খসড়া আলোচনার জন্য চূড়ান্ত করা হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগের কার্যক্রম কখন-কীভাবে বাস্তবায়ন করা হবে, তা উল্লেখ করা হয়েছে এ খসড়া পরিকল্পনায়। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে চারটি কমিটি গঠন করা হবে বলেও মাস্টার প্ল্যানে উল্লেখ করা হয়েছে। এসব কমিটির নেতৃত্বে দেবেন চারজন কমিশনার। কমিশন সচিব, অতিরিক্ত সচিব ও উপসচিবরা এর সদস্য হিসেবে থাকবেন।
নির্বাচনী আইন যুগোপযোগী সংক্রান্ত কমিটির প্রধান হচ্ছেন বেগম কবিতা খানম। নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো নির্ধারণ সংক্রান্ত কমিটির দায়িত্ব পাচ্ছেন মো. রফিকুল ইসলাম। ইসির নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত কমিটির প্রধান হচ্ছেন মাহবুব তালুকদার এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা সহজীকরণ কমিটির প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা কমিটিগুলোর কার্যক্রম সমন্বয় করবেন।
এব্যাপারে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, আগামী একাদশ নির্বাচন সামনে রেখে আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছি। আইনি বিধি সংশোধনের জন্য মন্ত্রণালয়ে একটি খসড়া প্রস্তাব পাঠানো হবে জানান তিনি। আগামী নির্বাচনে সবদলের উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে। একাদশ নির্বাচন সুষ্ঠু করতে চাহিদা মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দেওয়া হবে।
একাদশ নির্বাচন কেমন হবে জানতে চাইলে ইসির সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নতুন কমিশন আসার পর থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইতোমধ্যে কমিশনাররা নির্বাচনী এলাকা পর্যবেক্ষণের জন্য সফর করেছেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ৬ সিটি করপোরেশন নির্বাচনের উপর।
তিনি আরও জানান, আগামী মে মাসের শেষভাগে রংপুর সিটি নির্বাচনের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করার পরিকল্পনা আছে। বাকি পাঁচ সিটির নির্বাচন আগামী বছরের শুরুতে করা লাগতে পারে। আশা করছি সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক ডামাডোলের মধ্যে পাঁচ সিটি নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে। কুমিল্লা সিটির চেয়ে আমরা ছয় সিটির নির্বাচন আরো সুন্দর করব।
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আগে এই ছয় সিটি নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণ নিশ্চিত করা ও সবার আস্থা অর্জনে পরীক্ষার মুখোমুখি হতে হবে নতুন ইসিকে। ইতোমধ্যে আমরা কুমিল্লা সিটি নির্বাচনসহ দুইটি উপনির্বাচন মিলে ১৯টি নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছি ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গত ১৬ এপ্রিল রোববার ১৫৫টি ইউপিতে শান্তিপূর্ণ ভোট নেওয়ার কারণে কমিশন আরও এক ধাপ এগিয়ে গেছে। ইসি কর্মকর্তারা মনে করছেন, সামনের ছোটখাটো নির্বাচনগুলো সুষ্ঠু করতে পারলে ইসি ওপর বিএনপিসহ বিরোধী মতের রাজনৈতিক দলগুলোর আস্থা আরও বাড়বে। সূত্র: আমার সংবাদ











