বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্টকার্ড : প্রস্তুত হয়নি অর্ধেকের বেশি

news-image

দেশের ১০ কোটি ১৭ লাখ ভোটারের মধ্যে প্রথম ধাপে নয় কোটি নাগরিককে ডিসেম্বরের মধ্যে স্মার্টকার্ড দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেকের বেশি কার্ড প্রস্তুত হয়নি।

এজন্য ছাপার মেশিনের অপ্রতুলতার পাশাপাশি যে ব্ল্যাঙ্ককার্ডে ওই স্মার্টকার্ড ছাপানোর কথা, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্রান্সের অবার্থুর টেকনোলজিস থেকে সেই ব্ল্যাঙ্ককার্ডের সব এখনও বুঝে পায়নি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে নয় কোটি ব্ল্যাঙ্ককার্ড আসার কথা। চলতি বছরের মার্চ পর্যন্ত এসেছে প্রায় ৫ কোটি ২০ লাখ।

“আমাদের পক্ষ থেকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে বাকি কার্ড দিতে বলা হয়েছে।এই সময়ের মধ্যে তারা কার্ড দিবে বলে লিখিতও দিয়েছে।”

ফ্রান্সের ওই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কার্ড দিতে ব্যর্থ হলে চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক।

নাগরিকদের উন্নতমানের স্মার্টকার্ডটি করার আগে ফ্রান্স থেকে ‘ব্লাঙ্ককার্ড’ দেশের আসার পর ব্যবহার উপযোগী করার জন্য ‘পারসনালাইজেশন’ করা হয়।

স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের লক্ষ্যে অবার্থুর টেকনোলজিসের সঙ্গে ২০১৪ সালে প্রায় ৮০০ কোটি টাকার চুক্তি করে ইসি। তাদের সঙ্গে চুক্তি ছিল নয় কোটি কার্ডের। দফায় দফায় পিছিয়ে সেই কার্ড বিতরণ শুরু হয় ২০১৬ সালে।

এর মধ্যে আরও সোয়া কোটি ভোটার যুক্ত হয়ে হালাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১৭ লাখ। তালিকায় বাকিদেরকে দেশীয় ব্যবস্থাপনায় স্মার্টকার্ড দেওয়ার সম্ভাবনা যাচাই-বাছাই করছে নির্বাচন কমিশন-ইসি।

তবে পুরনো নয় কোটি ভোটারের স্মার্টকার্ডের জন্য ছাপার মেশিনের অপ্রতুলতার কথাও বলছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে স্মার্টকার্ড প্রকল্পের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্ল্যাঙ্ককার্ডে স্মার্টকার্ড ছাপাতে তাদের মাত্র ১০টি প্রিন্টার মেশিন রয়েছে।

“এ বছরের মধ্যেই সব নাগরিকের হাতে কার্ড পৌঁছে দিতে হলে আমাদের বাড়তি আরও ১৮টি প্রিন্টার মেশিনের প্রয়োজন।”

এ অবস্থায় ১০টি মেশিনেই শিফট সংখ্যা বাড়িয়ে কাজ শুরু হয়েছে বলে জানান সাইদুল ইসলাম।

তিনি বলেন, “আগের ১০টি মেশিনে এক শিফটে কাজ করা হতো। ১৪ ফেব্রুয়ারি থেকে দুই শিফটে প্রিন্ট করা হচ্ছে। এখন সবগুলো দিয়ে তিন শিফটে কাজ করতে হবে।”

এদিকে গত বছর রাজধানীস্মার্টকার্ড বিতরণ শুরু হওয়ার পর ঢাকায় এ পর্যন্ত ৫৯ দশমিক ৫৪ শতাংশ স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান, এনআইডি উইংয়ের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন, যোগাযোগ কর্মকর্তা মো. আশিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ