বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড মধুর ক্যান্টিনের রান্নাঘরে!

news-image

নিউজ ডেস্ক : বরবারের মত প্রধানমন্ত্রী অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্র ও বিভিন্ন ইউনিটের নেতাদের জন্যও পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। দিনরাত খেটে যারা ছাত্রলীগের রাজনীতি করে থাকেন; নেত্রীর এ শুভেচ্ছা কার্ড তাদের কাছে বড় পাওয়া। এ কার্ড জায়গা করে নেয় নিজস্ব কোনো সংরক্ষণাগারে। অনেকে এ কার্ড নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান। কিন্তু বৈশাখের আগে এবার এসব কার্ড আর ছাত্রলীগ নেতাদের হাতে যায়নি। শনিবার কয়েক শ’ কার্ড পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের রান্নাঘরে।

প্রতিদিন দুপুরে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে সময় কাটান। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ মধুর ক্যান্টিনে আসলে কর্মচারীরা কার্ডের বান্ডিলগুলো তার সামনে এনে রাখলে সোহাগ তাদেরকে ধমক দিয়ে এগুলো সরাতে বলেন। উপস্থিত কয়েকজন নেতা এ সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি এ সম্পর্কে কিছু জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান।

উপস্থিত নেতা-কর্মীরা জানান, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের প্রথম জবাব ছিল- ‘এসব কার্ডের বিষয়ে আমি জানি না।’ পরে বলেন, ‘গণভবনে শুভেচ্ছা বিনিময়ে এসব কার্ড লাগে না।’ নেতা-কর্মীরা ফের বলেন, গণভবনে যাওয়ার বিষয় না, আপার (ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আপা’ সম্বোধন করেন) শুভেচ্ছা আমাদের কাছে অনেক বড় বিষয়। তখন এক বিব্রতকর অবস্থায় পড়েন ছাত্রলীগ সভাপতি। এ সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ঢাকার বাইরে থাকায় মধুর ক্যান্টিনে উপস্থিত ছিলেন না। তবে কয়েকজন ছাত্রলীগ নেতা ফোনে সাধারণ সম্পাদকের কাছেও এ বিষয়ে জানতে চান।

ছাত্রলীগের অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা যায়, পহেলা বৈশাখের কয়েকদিন আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গাড়ি থেকে সংগঠনের এক যুগ্ম সাধারণ সম্পাদক এসব কার্ডগুলো নামিয়ে মধুর ক্যান্টিনের রান্নাঘরে নিয়ে রাখেন। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি/সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ও রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের এসব কার্ড সরবরাহ করার কথা ছিল। কিন্তু এসব কার্ড আর বণ্টন করা হয়নি। পরে শনিবার মধুর ক্যান্টিনের রুবেল নামের এক কর্মচারীর মাধ্যমে রান্নাঘর থেকে ছাত্রলীগ সভাপতির সামনে এনে এসব কার্ড রাখা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি তার ফেইসবুকে লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের জন্য পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ড ও গণভবনের নিমন্ত্রণ পত্র মধুর ক্যান্টিনের রান্নাঘরে রাখা আছে। মাননীয় নেত্রীর শুভেচ্ছাসহ কার্ডগুলো শুধু গণভবনে যাওয়ার অনুমতিই নয়; ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আপার শুভেচ্ছা উপহার। সেখানে প্রায় ৮০০-১০০০ কার্ড রয়েছে। আমরা নেতাকর্মীরা পেলেও রেখে দিতাম। আগের পাওয়া আপার কার্ডগুলো এখনো আমার ড্রয়ারে রাখা আছে। এই কার্ডগুলো নেতাকর্মীরা হাতে পেলে অনেক যত্ন করে রেখে দিত। আমরা যারা রাজনীতি করি শুধু তাদের কাছেই নয় সবার কাছে এই কার্ডগুলো অনেক আবেগের ও ভালবাসার উচ্ছ্বাস প্রকাশ করে। এ বছরই প্রথম শুধু কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের নেতারা এমনকি ছাত্র রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনকেও আপার শুভেচ্ছা কার্ড দেয়া হয়নি।’

তিনি আরো লিখেন, ‘বিদ্র: মাননীয় নেত্রীর শুভেচ্ছা থেকে কেন আমাদের বঞ্চিত করা হল? আমি এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আমরা নগণ্য কর্মী হিসেবে ছাত্রলীগের পক্ষ থেকে এর তদন্ত কমিটি করে সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

নাম প্রকাশ না করার শর্তে ঢাবির এক হলের ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের কাছে দলীয় নেত্রীর শুভেচ্ছাকার্ড পাওয়া একটি বড় পাওয়া। কিন্তু আমরা কোন কার্ড পাইনি। কাউকে না দিয়ে কার্ডগুলো মধুর ক্যান্টিনের রান্নাঘরে ফেলে রাখা হয়েছিল। আমরা কার্ড পাইনি এটা বড় বিষয় না; ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর কার্ডকে এভাবে অযত্নে ফেলে রাখতে পারে না। প্রধানমন্ত্রীর কার্ড আমাদের কাছে পরম ভালবাসার স্মারক।

নেতা-কর্মীদের না দিয়ে ছাত্রলীগের শুভেচ্ছা কার্ড রান্নাঘরে রেখে দেয়ার দায় নিচ্ছে না ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমার এ বিষয়ে কিছু জানা নাই।

রান্নাঘরে কার্ড রাখার কথা স্বীকার করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেন, পহেলা বৈশাখের আগের দিন আমাদের হাতে কার্ড আসে। আমরা সবার কাছে তা পৌঁছাতে পারিনি। কিছু কার্ড থেকে যায়।

এ জাতীয় আরও খবর