বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট দেশের ওপর হস্তক্ষেপ বন্ধের প্রস্তাব আইপিইউতে পাস

news-image

গণতন্ত্র, জঙ্গিবাদ বা কোনো ইস্যুতে দুর্বল দেশের অভ্যন্তরীণ বিষয়ে বড় ও শক্তিশালী দেশগুলো যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সম্মেলনে। বড় দেশের হস্তক্ষেপ বন্ধে প্রথমবারের মতো ৪৪-১০ ভোটে প্রস্তাবটি পাস হয়।

মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অ্যাসেম্বলির চতুর্থ দিনে ‘শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক’ আইপিইউর স্ট্যান্ডিং কমিটির সভায় দিনভর এ খসড়া প্রস্তাবের পক্ষে-বিপক্ষে তীব্র বিতর্ক অনুষ্ঠিত হয়। ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়।

আইপিইউর পাঁচ দিনের সম্মেলনের শেষ দিন বুধবারে এটি এক্সিকিউটিভ কমিটিতে গৃহীত হওয়ার কথা রয়েছে। তবে এর বিপক্ষে ভোট দেয় যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, তুরস্ক, ইউক্রেন, আইসল্যান্ড ও নরওয়ে। বেলজিয়াম ভোটদানে বিরত ছিল।

আইপিইউর ইতিহাসে এই প্রথম সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে প্রথমবারের মতো এমন প্রস্তাব গৃহীত হল। প্রস্তাবটি নিয়ে সম্মেলনে অংশ নেয়া উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। টানা তিনদিন আইপিইউর শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক উপকমিটির বৈঠকে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে অনেক বিতর্ক হয়েছে।

এসময় কমিটিতে সভাপতিত্ব করেন মেক্সিকোর প্রতিনিধি দলের প্রধান লোরা রোজাস। স্টাডিং কমিটিতে গৃহীত প্রস্তাবটির খসড়া বুধবার এক্সিকিউটিভ কমিটিতে যাবে। ১৭ সদস্যের ওই এক্সিকিউটিভ কমিটির সভাপতি আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। এছাড়া ছয়জন ভাইস প্রেসিডেন্ট এবং ১০ সদস্য রয়েছে এক্সিকিউটিভ কমিটিতে। সেখানেই চূড়ান্ত হবে প্রস্তাবটি।

বিপক্ষে ভোট দেয়া দেশের ফিনল্যান্ডের প্রতিনিধি বলেন, প্রস্তাবটি আমরা ঠিকমতো বুঝতে পারিনি। যে কারণে আমি মনে করি অনেক দেশের প্রতিনিধিই এই প্রস্তাব বুঝতে না পেরে ভোট দেয়নি।

বাংলাদেশ ডেলিগেশন টিমের প্রধান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এটা সত্য কোনো দেশই অন্য দেশের ওপর হস্তক্ষেপ করতে পারবে না। এটা করাও উচিত না। আইপিইউ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমি মনে করি কিছুটা হলেও ওইসব মোড়ল দেশের ওপর চাপ সৃষ্টি করা যাবে।

প্রস্তাবটি গ্রহণ করায় চায়নার প্রতিনিধি সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা খুব খুশি যে প্রস্তাবটি পাস হয়েছে। এটা গণতন্ত্রের জন্য ভালো।

ভোট দেয়ার পর বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য মঈনুদ্দিন খান বাদল বলেন, আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে খোঁচাই না। এই সম্মেলনে আমরা বলেতে চাই সব শেষে গণতন্ত্রকে সমর্থন দিতে হবে।

আইপিইউর ১৩৬তম সম্মেলন গত শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর