লামায় হুমকির মুখে ৬০ কোটি টাকার বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামা উপজেলার পাহাড়ি এলাকায় ৬৪টি রাবার প্লটের ১৬’শ একর জমিতে প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করে বিপাকে পড়েছে ‘লামা রাবার ইন্ড্রাষ্ট্রিজ’ নামে একটি প্রতিষ্ঠান।
জানা গেছে, ১৯৯৩-৯৪ সালে সরকারি নীতিমালা অনুসারে ৩০১ সরই ও ৩০৩ ডলুছড়ি মৌজায় ২৫ একর করে ৬৪ ব্যক্তি মালিকানায় ১৬’শ একর জমি লিজ নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেন সম্বন্বিত রাবার চাষ ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্প। লিজকৃত ওই জমিতে রাবার বাগানের পাশাপাশি ফলদ আম, জলপাই, লিচু, জাম্বুরা ও বনজ গাছও সৃজন করা হয়। দীর্ঘ ১৮ বছর ধরে রাবার ও ফলদ বাগানে উৎপাদনও অব্যাহত রয়েছে। প্রতি বছর এ রাবার বাগান থেকে প্রায় ১০০-১২০ টন সাদা সোনা নামে খ্যাত কাঁচা রাবার উৎপাদিত হয়।
অভিযোগে জানা যায়, গত এক বছর ধরে ঢেঁকিছড়া ও বহিরাগত কয়েকজন ক্ষুদ্র নৃ-গোষ্টি ভাসমান ত্রিপুরা ও মুরুং সম্প্রদায়ের লোকজন রাবার হোল্ডিং নং- ৬৯, দাগ নং ১০৫৫/৪ ও রাবার হোল্ডিং নং- ৯২, দাগ নং- ১০৫৫/১৫ এর একাধিক অংশ বার বার দখলের পায়তারা শুরু করে। এক পর্যায়ে তারা গত দুই মাস আগে স্থানীয় হেডম্যান যোহান ত্রিপুরার নেতৃত্বে ২৫-৩০ জন অতর্কিতভাবে সৃজিত বাগানের সাড়ে ৫’শ আমের চারাগাছ কেটে জায়গা দখলের চেষ্টা শুরু করে। এ ঘটনায় লামা রাবার ইন্ড্রাষ্টিজের ব্যবস্থাপক লামা থানায় সাধারন ডায়েরী করেন।
এর দুদিন পর থেকে তারা জোর পূর্বক বাঁশের বেড়া ও টিনের ছাউনি দ্বারা ১০-১২টি অস্থায়ী ঘর নির্মাণ করে দখল দেখানোর জন্য।
এ বিষয়ে লামা রাবার ইন্ড্রাষ্ট্রির লিঃ ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জহিরুল ইসলাম বলেন, পুলু ঝিরি আগা রাবার হোল্ডিং নং- ৬৯, দাগ নং ১০৫৫/৪ পয়েন্টে ৯/১০টি ত্রিপুরা ও মুরুং পরিবার টিন দিয়ে নতুন ঘর বেধেঁছে। একইভাবে রাবার হোল্ডিং নং- ৯২, দাগ নং ১০৫৫/১৫ এর কিছু অংশে ঢেঁকিছড়ার কয়েকজন ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের লোকজন নতুন করে ঘর তৈরি করে অবৈধভাবে জমি দখল করতে চাচ্ছে। তারা রাবার বাগান মালিক ও শ্রমিকদের প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে আমরা বান্দরবান জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছি। পাশাপাশি অনুলিপি বোয়াং সার্কেল, সেনা ক্যাম্প, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায়ও লিখিত অভিযোগ করেছি।
তিনি আরো বলেন, সরই ও ডলুছড়ি মৌজায় ৬৪টি রাবার প্লটের ১৬’শ একর জমিতে প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। রাবার বাগানের জমি দখল করার চেষ্টা, প্রকল্প মালিক ও শ্রমিকদের অব্যাহত হুমকির কারণে আমরা বিনিয়োগকারীরা উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে আছি এবং এ ধরনের সন্ত্রাসমুলক কর্মকাণ্ডে ব্যবসা গুটিয়ে ফেলার উপক্রম হয়েছে।
সরই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, ১৯৯৩ সাল থেকে লামা রাবার ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড বাগান সৃজন করে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ অব্যাহত রেখেছে। কখনও ভাসমান ত্রিপুরা ও মুরুং সম্প্রদায়ের লোকজন সেখানে ছিল না।
লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপক আরিফ হোসেন বলেন, ত্রিপুরা ও মুরুং সম্প্রদায় কখনও একসাথে বসবাস করেনা। এখানে তারা যৌথভাবে রাবার ইন্ড্রাষ্ট্রিজর ক্ষয়ক্ষতি ও জমি দখল করার উদ্দেশ্যে নতুন পাড়া সৃষ্টির পায়তারা করছে। আমাদের প্লটের চারপাশের রয়েছে, কোয়ান্টাম ফাউন্ডেশন, মাইক্রোহ্যান্স, মেরিডিয়ান কোম্পানির প্লট। ডলুছড়ি মৌজার নতুন পাড়া, ঢেঁকিছড়া ও নোয়াপাড়া আমাদের বাগান থেকে অনেক দূরে অবস্থিত।
সরেজমিনে জানা যায়, ৩০৩ ডলুছড়ি মৌজার হেডম্যান যোহন ত্রিপুরার ইন্দনে তার সহযোগী কাইংপ্রো ম্রোসহ অন্যান্যরা লিজ প্রাপ্ত জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। পাহাড়ের শান্ত পরিবেশ অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে সংঘবদ্ধ চক্রটি। তবে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ডলুছড়ি মৌজা হেডম্যান যোহান ত্রিপুরা।
জানা যায়, সর্বশেষ ৪ মার্চ চম্পাতলি আর্মি ক্যাম্পে অভিযোগের বিষয়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে মৌজা হেডম্যান ও উভয়পক্ষের উপস্থিতিতে বৈঠক বসে। বৈঠকে অবৈধ দখলে চেষ্টাকারীরা কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র জমির দলিলপত্র পর্যালোচনা করা হয় এবং দখলের চেষ্টাকারীদের অনুপ্রবেশে বিরত থাকতে বলা হয়।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান, দখল চেষ্টাকারীরা রাতে রাবার প্লটের ওপর নির্মিত ঘরে থাকেন না। শুধু মাত্র দিনে দু একজন লোক ওইসব ঘরে ঘুরা ফেরা করেন।
কাদর মুরুং, কামলাই মুরুং ও পিতর ত্রিপুরা সাংবাদিকদের জানায়, ৩-৪ মাস আগে তারা অন্য পাড়া থেকে ওই স্থানে যায়। এই পাড়ার নাম দিয়েছে নোয়াপাড়া। এখানে বসবাসরতরা পূর্বে গজালিয়া ইউনিয়নের আকিরাম পাড়া, টংকবতী, ঢেঁকিছড়া নতুন ও পুরাতন পাড়া, চিউর ছড়া পাড়ায় বাস করত। তাদের দুই স্থানেই ঘর আছে বলে জানান তারা।
এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ঘটনাস্থল পরির্দশন করেন। যে যে অবস্থায় আছে, তাকে সে অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।











