রাউধার লাশের ময়নাতদন্ত সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :মালদ্বীপের নাগরিক ও মডেল এবং রাজশাহী নগরীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী রাউধা আতিফের (২১) লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়।
এর আগে লাশের ময়নাতদন্ত করতে রামেকের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়। রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. মনসুর রহমানকে প্রধান করে এ টিম গঠন করা হয়।
টিমের অন্য সদস্যরা হলেন- ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. এমাদাদুর রহমান ও ডা. এনামুল হক।
ময়নাতদন্ত শেষে টিমের প্রধান ডা. মনসুর রহমান জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাউধার লাশের ময়নাতদন্ত করা হয়। এরপর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ময়নাতদন্তে প্রাথমিকভাবে কী পাওয়া গেছে তা জানাতে চাননি তিনি।
ময়নাতদন্তকারী টিমের আরেক সদস্য ডা. এনামুল হক বলেন, ‘আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করছি। দুই একদিনের মধ্যেই ময়নাতন্তের প্রতিবেদন পুলিশকে দিয়ে দেয়া হবে। তখনই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এখন এ ব্যাপারে কোনো মন্তব্য করছি না।’
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ময়নাতদন্তের পর মর্গ থেকে লাশ রামেকের হিমঘরে রাখা হয়েছে। মালদ্বীপের রাষ্ট্রদূত ও রাউধার পরিবারের সদস্যরা দুপুর পর্যন্ত রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে অবস্থান করছিলেন। তবে তখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননি, লাশ মালদ্বীপ নেয়া হবে নাকি বাংলাদেশেই দাফন করা হবে।
গত বুধবার বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
রাউধার বাবার নাম মোহাম্মদ আতিফ ও মায়ের নাম আমিনা মহাসিমাত। তার বাড়ি মালদ্বীপের মেল-এ। রাউধা ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ১৩তম ব্যাচের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা পেশায় চিকিৎসক। মা মানবসম্পদ কর্মকর্তা। রাউধা সেদেশের হিরিয়া স্কুল থেকে মাধ্যমিক এবং ভিল্লা ইন্টারন্যাশনাল হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
কলেজ হোস্টেল কর্তৃপক্ষের বরাত দিয়ে নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, রাউধা ছাত্রী হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর রুমে থাকতেন। বুধবার সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে দরজা ভেঙে সহপাঠিদের সহযোগিতায় হোস্টেল কর্তৃপক্ষ তাকে নিচে নামান। এসময় চিকিৎসকেরা সেখানে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাউধা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাছাড়া তিনি যদি আত্মহত্যা করে থাকেন, তবে কী কারণে করেছেন সে বিষয়টি পুলিশ অনুসন্ধান করে দেখছে। তার মৃত্যুর ব্যাপারে অন্য কারণ ঘটনার যোগসূত্র আছে কি-না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
রাউধার আত্মহত্যার ঘটনায় বুধবার রাতেই ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। হাসপাতালের সচিব আব্দুল আজিজ রিয়াজ বাদী হয়ে মামলাটি করেন বলে সাংবাদিকদের জানান ওসি জিল্লুর রহমান।
হোস্টেলের ইনচার্জ লাইলা আক্তার সাংবাদিকদের জানান, বিদেশী কোটার ছাত্রী ছিলেন রাউধা আতিফ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সহপাঠিরা রাউধাকে ডাকতে যান। এসময় তারা কক্ষের দরজার কাছে গিয়ে ডাকাডাকি করলেও রাউধা কোনো সাড়া দেননি। এক পর্যায়ে তারা জানালা দিয়ে দেখতে পান রাউধা কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন। এরপর দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। রাউধা ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই রুমে উঠেন।
সূত্র জানায়, রাউধা আতিফ একজন মডেলও ছিলেন। ‘ভোগ’ নামের একটি ম্যাগাজিনে তার কয়েকটি ছবি প্রকাশ হয় গত বছর। তবে রাউধা চেয়েছিলেন তিনি চিকিৎসক হবেন। তাই সবকিছু ছেড়ে তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন রাজশাহী নগরীর নওদাপাড়াস্থা ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজে। তবে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের আগেই আত্মহত্যা করলেন। ফলে তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
গত বছর ভোগ ম্যাগাজিনে রাউধার ছবি প্রকাশ হওয়ার পাশাপাশি তার মনের ইচ্ছেগুলোও প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, রাউধার ইচ্ছা চিকিৎসক হওয়া। তিনি মালদ্বীপে জন্মগ্রহণ করতে পেরে গর্ববোধ করেন। সেখানে দেয়া সাক্ষাৎকারে রাউধা বলেছিলেন, ‘মডেলিং আমার কাছে পেশা নয়, শখ। পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে মানুষকে সাহায্য করা আমার কাছে সব সময়ের জন্য স্বপ্ন।’
সূত্রটি আরো জানায়, ‘ভোগ’ এর ২০১৬ সালের অক্টোবর সংখ্যার প্রচ্ছদের মডেল হয়েছিলেন রাউধা।











