আধ্যাত্মিক রাজধানী সিলেট এখন থমথমে
নিজস্ব প্রতিবেদক : দেশের আধ্যাত্মিক রাজধানী নামে পরিচিত সিলেট এখন থমথমে। শান্ত ও নিরাপদ ওই জেলায় একটি জঙ্গি আস্তানায় সন্ধান পায় আইন-শৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ওই আস্তানা ঘিরে ফেলে পুলিশ। শনিবার সকাল থেকে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী। এর মধ্যেই ওই দিন সন্ধ্যায় আস্তানাটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে একটি আত্মঘাতী বোমাহামলা। এতে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। এর পর থেকে শান্ত ও নিরাপদ সিলেটে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় পুলিশ অবস্থান দেয়। পুলিশের উপস্থিতিটের পেয়ে শুক্রবার সকালে ওই আস্তানা থেকে জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে তাদের অবস্থানের কথা জানান দেয়। পরে তাদের আত্মসমর্পণের আহবান জানানো হলে উল্টো জঙ্গিদের ফ্ল্যাট থেকে নারী ও পুরুষ কণ্ঠে উচ্চস্বরে বলা হয়, ‘’তোমরা (পুলিশ) শয়তানের পথে আছো, আমরা আল্লাহর পথে। দেরি কেন, দ্রুত সোয়াত পাঠাও। আমাদের সময় কম।’’
এরপর ঢাকা থেকে সোয়াট টিমের সদস্যরা সেখানে অবস্থান নেয়। পুলিশের কাউন্টার টেররিজম (সিটিটিসি) ইউনিট এবং র্যাব সদস্যরা তাদের সহযোগিতা করে। রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টিমও সেখানে অবস্থান নেয়। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের একটি দল ঘটনাস্থলে আসে। অপারেশন ‘টোয়ালাইট’ নামে অভিযানে নামে তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ওই ভবনে আটকা পড়া ৭৮ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ব্রিফ করে সারা দিনের কার্যক্রমের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এর কিছুক্ষণ পর জঙ্গি আস্তানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোটাটিকর নামক স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে।
দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানার পাশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত র্যাবের গোয়োন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। রবিবার বেলা ১টার দিকে বিবার্তাকে এমন তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণ্যমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
একই সময় ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যার ঘটনার পরে ৫০ জনকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। তন্মধ্যে চার জন ছিলেন মৃত। রাতেই র্যাব কর্মকর্তা লে. কর্ণেল আবুল কালাম আজাদকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বাকি ৪৫ জনের মধ্যে দুজন পরে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ২৬ জন চিকিৎসাধীন আছেন জানিয়ে মাহবুবুল হক বলেন, ১৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এছাড়াও রবিবার দুপুরে এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পরেই হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীর ছুটি বাতিল করা হয়। দ্রুততম সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করায় আর কোনো প্রাণহানি ঘটেনি।
এদিকে, রবিবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। এছাড়াও রবিবার সকাল থেকে জঙ্গি আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। সিলেট-ফেঞ্জুগঞ্জ সড়কের হুমায়ুন রশিদ চত্বর থেকে বাইপাস নামক এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
সব মিলিয়ে সিলেটজুড়ে আতঙ্ক বিরাজ করছে। জঙ্গি আস্তানার আশপাশ এলাকায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আতঙ্ক নিয়ে আশপাশের মানুষগুলো দিনরাত অতিক্রম করছেন। ভয়ে ঘর থেকেও বের হচ্ছে না কেউই। রবিবার বিকালে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে এমন তথ্যই জানা গেছে।
স্থানীয় সাংবাদিক শুয়েব আহমদ। জঙ্গি আস্তানার আধা কিলোমিটার দূরে তার বাড়ি। রবিবার বিকালে তিনি বিবার্তাকে জানান, জঙ্গি আস্তানায় অভিযান ও আত্মঘাতী হামলায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এলাকাবাসী বিপাকে পড়েছে।
তিনি জানান, শনিবার তার পরিবারের সদস্যরা রুটি ও মুড়ি খেয়ে দিন-রাত অতিবাহিত করেছেন। রবিবার সকালে বাড়ির আঙ্গিনায় একটি চুলা নির্মাণ করে রান্না করা হয়েছে। তবে আশপাশের দোকানপা্ট বন্ধ রয়েছে। ভয়ে ঘর থেকে কেউ বের হচ্ছেন না।
ওই এলাকার বাসিন্দা সুফিয়া বেগম টেলিফোনে বিবার্তাকে জানান, শনিবার থেকে তারা চিড়া ও মুড়ি খেয়ে বেঁচে আছেন। রবিবার বাইরে থেকে খাবার আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
বিকাল সোয়া ৫টার দিকে ঘটনাস্থল থেকে স্থানীয় সংবাদিক আনোয়ার হোসেন বিবার্তাকে জানান, জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া কেউ নেই। ঘরবাড়ি থেকে কেউ বের হচ্ছেন না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এলাকার মানুষে অনেক কষ্টে দিন কাটাচ্ছে। এছাড়া বিকাল সাড়ে ৪টা পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে।
তিনি আরো জানান, রবিবার বিকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ দেওয়ার কথা রয়েছে। তাই ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সংবাদিকরা অপেক্ষায় রয়েছে।











