উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে
নিউজ ডেস্ক : বিমানবন্দরের সামনের এলাকা ফাঁকা করে বোমা নিষ্ক্রিয়করণের কাজ হয়।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণে নিহত যুবকের কাছ থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। এগুলোরই দুটি শুক্রবার (২৪ মার্চ) রাতে নিষ্ক্রিয় করা হয়েছে বিস্ফোরণ ঘটিয়ে। এর মধ্যে প্রথমটি রাত সাড়ে ১০টার দিকে এবং পরেরটি নিষ্ক্রিয় করা হয়েছে রাত ১১টা ৪০ মিনিটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের প্রধান সানোয়ার হোসেন একটি বোমা নিষ্ক্রিয় করার কথা সাংবাদিকদের জানান। তবে কয়টি বোমা উদ্ধার করা হয়েছে সেই সংখ্যা বলেননি তিনি।
উদ্ধারকৃত বোমার মধ্যে একটিকে নিষ্ক্রিয় করার আগে সড়ক বন্ধ করে দেওয়া হয়। তারপর রাস্তা ফাঁকা করে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটিয়ে দুটি বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। তবে দ্বিতীয়টির শব্দ ছিল বিকট। আর এটি বিস্ফোরণের পর দুর্গন্ধ ছড়ায়।
বিমানবন্দরের সামনের রাস্তা বন্ধ করে বোমা নিষ্ক্রিয়করণের কাজ হয়।এদিকে শুক্রবার সন্ধ্যার পর আত্মঘাতী বিস্ফোরণে নিহত ওই যুবকের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। তার বয়স ২৩-২৫ বছর। এ ঘটনায় কোনও পুলিশ সদস্য কিংবা সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, ঘটনার পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ বক্সে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটায় ওই যুবক। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।











