বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীরা আবাসন সুবিধা বঞ্চিত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সরকারি চাকরিজীবীর তুলনায় অল্প সংখ্যক সরকারি বাসা রয়েছে। ফলে অধিকাংশ সরকারি চাকরিজীবীকেই থাকতে হচ্ছে ভাড়া করা বাসায়। এ আবাসন সংকট নিরসনে সরকার নানারকম পদক্ষেপ নিলেও অধিকাংশ সরকারি চাকরিজীবী থাকছেন আবাসন সুবিধার বাইরে। ফলে সহসাই সরকারি বাসা বরাদ্দ পাচ্ছেন না রাজধানীতে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা।
জানা গেছে, রাজধানীতে মোট ১ লাখ ৬৫ হাজার সরকারি চাকরীজীবীর জন্য বাসা আছে মাত্র ৫ হাজারের মতো। সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব পকল্পের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য রাজধানীতে আরও ফ্লাট নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।
এসব ফ্ল্যাট নির্মাণ করে বরাদ্ধ দেয়ার পরেও বিরাট একটি অংশ থেকে যাবেন সরকারি আবাসন সুবিধার বাইরে। ফলে বিরাট একটি অংশকে সরকারি বাসার জন্য প্রতিক্ষায় থাকতেই হচ্ছে।
এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক বিডি২৪লাইভকে বলেন, রাজধানীতে সরকারি চাকরিজীবী ১ লাখ ৬৫ হাজার থাকলেও সরকারি বাসা মাত্র ৫ হাজারের মতো। আর এর বাইরে এ, বি ও সি ক্যাটাগারিতের যেসব বাসা বরাদ্দ দেয়া হয় তা স্ব স্ব মন্ত্রণালয়ের আওতাধীন। বিরাট একটি অংশ এখনও সরকারি আবাসন সুবিধার বাইরে রয়েছে।
জানা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি ভাড়া হিসেবে দেয়া ভাতার পরিমাণ বাস্তব ভাড়ার তুলনায় অনেক কম। এজন্য বেতনের একটা বড় অংশ বাসা ভাড়ার জন্যই দিতে হচ্ছে তাদেরকে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ে কর্মরত মধ্যম শ্রেণীর এক সরকারি চাকরিজীবী বিডি২৪লাইভকে বলেন, ঢাকা শহরে বাসা ভাড়া অনেক বেশী। সে হিসেবে আমরা ভাতা কম পাই। বাড়ি ভাড়া হিসেবে যে সরকারি ভাতা পাই তাতে বাসা ভাড়ার অর্ধেকও হয়না। মুল বেতন থেকেই ভাড়া দিতে হয়।
জানা যায়, রাজধানীতে সরকারি বাসা বরাদ্দের জন্য প্রতিদিনই আবাসন পরিদপ্তরে ভিড় জমাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বাসা বরাদ্দের জন্য এ দপ্তরে শত শত আবেদনও ইতোমধ্যে জমা পড়ছে। তবে আবেদন জমা পড়লেও পর্যাপ্ত বাসা না থাকায় অনেকই আপাতত সরকারি আবাসন সুবিধার বাইরে থাকতে হবে বলে জানা গেছে।
এদিকে যাদেরকে বাসা বরাদ্ধ দেয়া হয়েছে তাদের অনেকের ক্ষেত্রেও ঘটেছে ব্যাতিক্রম। অনেকেই ঢাকার বাইরে বদলি হলেও বাসা ছাড়ছেন না বলে জানা গেছে। নিয়মানুযায়ী একজন সরকারি কর্মচারী যার নামে বাসা বরাদ্দ আছে তিনি ঢাকার বাইরে বদলি হলে দুই মাসের মধ্যে বাসা ছাড়বেন। কিন্তু এক্ষেত্রে এ নিয়ম অনেকেই মানছেন না। কেউ কেউ দ্বারস্থ হয়েছেন আদালতের।
জানা গেছে, একই বাসাতে একাধিক আবেদনও পড়ছে আবাসন পরিদপ্তরে। সবমিলিয়ে সরকারি চাকরিজীবীরা সরকারি আবাসন সংকটে রয়েছেন। আর এ সংকট থেকে খুব সহসাই বের হওয়া যাচ্ছে না।
আবাসন সংকট নিয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-প্রধান (পরিকল্পনা অধিশাখা) সাজ্জাদুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, আবাসন সংকট নিরসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ সংকট নিরসনে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকারি চাকরিজীিবিদের জন্য ৯টি প্রকল্পের আওতায় রাজধানীতে ৪ হাজার ২শ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। ক্রমান্বয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসন করা হবে।

এ জাতীয় আরও খবর