অনেক জনপ্রতিনিধি জমিদারের মনোভাব দেখান : রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, অনেক নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যাঁরা সাধারণ মানুষের সঙ্গে জমিদারের মতো মনোভাব দেখান। তিনি বলেন, ‘অনেক স্থানীয় সরকার প্রতিনিধি ভোট আদায়ের লক্ষ্যে ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, অথচ নির্বাচিত হওয়ার পরক্ষণেই তাঁদের মনোভাব বদলে যায়। এটা উচিত নয়। জনপ্রতিনিধিদের নির্বাচনের পরও একই থাকা উচিত।’
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়, আজ রোববার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আবদুল হক কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জনসভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের উন্নত সেবা নিশ্চিত করতে আপনাদের (জনপ্রতিনিধি) অবশ্যই আন্তরিকভাবে এবং সততার সঙ্গে কাজ করতে হবে। আপনারা তাঁদের সঙ্গে প্রতারণা করতে পারেন না।’
দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে সচেতন হতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘সাধারণ মানুষকেও তাঁদের নেতা নির্বাচনে অবশ্যই সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি, এটা হলে তা দেশকে এগিয়ে যেতে সাহায্য করবে।’ তিনি বলেন, জনপ্রতিনিধিরা সচেতন হলে সরকারি কর্মকর্তারা সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে করতে বাধ্য হবে।
নিজের শৈশবের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, যদিও তিনি বঙ্গভবনে বাস করেন, তবু তাঁর মন সব সময় এই হাওর অঞ্চলেই পড়ে থাকে, যেখানে তিনি বেড়ে উঠেছেন। তিনি সব সময়ই এই এলাকার জনগণের কথা ভাবেন। তিনি বলেন, ‘আল্লাহ যদি আমাকে দীর্ঘ জীবন দান করেন, আমি আবার হাওর এলাকায় ফিরে আসব।’
হাওর অঞ্চলের সন্তানদের শিক্ষিত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, ‘এটা প্রতিযোগিতার যুগ। আপনাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলুন, যাতে তা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় তাদের সহায়ক হয়। এতে হাওরের উন্নয়ন হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, সাংসদ আফজাল হোসেন, সাংসদ সোহরাব হোসেন ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইনে তমিজা খাতুন সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধন করেন। তিনি মিঠামইনে রিকশায় করে ঘুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন।











