বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা নদীর বালু বিদেশে রফতানি হবে

news-image

এবার যমুনা নদীর বালু বিদেশে রফতানি করতে যাচ্ছে সরকার। সিঙ্গাপুর ও মালদ্বীপে বালু রফতানির জন্য উত্তোলিত বালুর প্রতি ঘনফুট মূল্য এক টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, নৌযান চলাচল প্রবাহ উপযোগী রেখে এবং নদীর নাব্যতা যথাযথ রেখে যমুনা নদীর প্রস্তাবিত স্থান থেকে পরীক্ষামূলকভাবে আপাতত ছয় মাসের জন্য বালু উত্তোলন করা হবে। তবে এতে পরিবেশের বিরূপ অবস্থা দেখা দিলে তা বন্ধ রাখতে হবে। মন্ত্রী জাতীয় স্বার্থে সময় দীর্ঘায়িত না করে যমুনা নদীর প্রস্তাবিত স্থানে ড্রেজিং ও ড্রেজিংকৃত বালু বিদেশে রফতানিতে সংশ্লিষ্ট আবেদনকারী প্রতিষ্ঠানকে তৎপর থাকার পরামর্শ দেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেডের চেয়ারম্যান এম এ মান্নান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেড নিজ খরচে প্রাথমিকভাবে দুই বছরের জন্য যমুনা নদী ড্রেজিং এবং ড্রেজিংকৃত বালু সিঙ্গাপুর ও মালদ্বীপে রফতানির বিষয়ে পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ অক্টোবর পানিসম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় যৌথভাবে পরীক্ষামূলকভাবে বালু উত্তোলন ও ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেড কর্তৃক বিদেশে বালু রফতানির বিষয়টি জাতীয় বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়।

আবেদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যমুনা নদীর সংশ্লিষ্ট অংশে সমমানের বালুর দেশীয় ও আন্তর্জাতিক বাজারদর এবং সরকারি সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াদি বিবেচনা করে প্রতি ঘনফুট বালু কত মূল্য নির্ধারণ করা যায় তা পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রধান প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ, ডিজি পানি উন্নয়ন বোর্ড, ডিজি-ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর ও বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি সংশ্লিষ্ট সিনিয়র পর্যায়ের সরকারি কর্মকর্তার সমন্বয়ে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী সর্বসম্মতিক্রমে প্রতি ঘনফুট বালুর মূল্য এক টাকা নির্ধারণ করা হয়।

এ জাতীয় আরও খবর