ইসলামী ব্যাংককে ঢেলে সাজানো সম্ভব নয় : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের শেয়ারের অংশ সামান্য পরিমাণ থাকায় ইসলামী ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজানো সম্ভব নয়। ইসলামী ব্যাংক বেসরকারি খাতের একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
আজ রোববার সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধায় কোনো দেশকে পণ্য পরিবহনের সুযোগ এখনো দেওয়া হয়নি বলে জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, কোনো দেশকে ট্রান্সজিট সুবিধা দেওয়া না হলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রান্সজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিটি) আওতায় ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারত থেকে পণ্য পরিবাহিত হয়।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের শেয়ারের অংশ সামান্য পরিমাণ থাকায় ইসলামী ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজানো সম্ভব নয়। ইসলামী ব্যাংক বেসরকারি খাতের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। ব্যাংকের শেয়ারহোল্ডাররা কোম্পানিটির মালিক। শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত পরিচালকেরা তাঁদের পক্ষে ব্যাংকের স্বচ্ছতা ও গতিশীলতা আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকেন। ইসলামী ব্যাংকে সরকারের শেয়ারের পরিমাণ মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য ১৩ শতাংশ (০.০০১৩ %)। তাই ঢেলে সাজানোর জন্য সরকারের পক্ষে কোনো বিশেষ পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয়।
আ ফ ম বাহাউদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংকের মাধ্যমে ১৬ হাজার ৮৫৭ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। এই অঙ্ক আগের বছরের তুলনায় ২ হাজার ১৩৬ কোটি টাকা কম।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ।
আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, বর্তমানে মোবাইল ফোনে সর্বনিম্ন কলরেট মিনিটে ২৫ পয়সা এবং সর্বোচ্চ ২ টাকা। পাশের দেশের তুলনায় এই রেট কম বলে বিবেচিত। ভবিষ্যতে প্রয়োজনে কলরেট পুনর্নির্ধারণ করা হবে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।











