ফেনী নদীর পানি ‘লোপাট’ করছে ভারত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাই আর ফেনী জেলার ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলা মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া সম্পূর্ণ বাংলাদেশেই উৎপত্তি হওয়া ফেনী নদীতে ১৫৬ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করে বাঁধ দিয়েছে বাংলাদেশ। অথচ কোন চুক্তি ছাড়া, কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে এ ফেনী নদী থেকে ভারত চুরি করছে পানি। অবিরাম পানি চুরির ফলে এখন শুষ্ক মৌসুমে অবশিষ্ট পানি শুকিয়ে নদীর তলাই দেখা যাচ্ছে। মীরসরাই, ছাগলনাইয়া ও সোনাগাজীর অর্ধশত খাল ছরাও গেছে শুকিয়ে।
উল্লেখ্য, ১৯৭৪ সালে সম্পাদিত মুজিব-ইন্দিরা চুক্তিতে দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ফেনী নদীর নাম নেই বলে জানা যায়। অনুসন্ধানে দেখা যায়, এর উৎপত্তি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার ভগবানটিলায়। নদীর ১০৮ কিলোমিটারের কোনো অংশই ভারতের অভ্যন্তরে প্রবেশ করেনি।
পাউবো ও বিজিবির দফায় দফায় আন্তঃমন্ত্রণালয় উদ্যোগের পরও হচ্ছে না কোন ফল। ফেনী নদী থেকে বয়ে আসা মীরসরাই উপজেলার ১নং করেরহাট, ২নং হিঙ্গুলী, ৩ নং জোরারগঞ্জ, ৪ নং ধূম ও ৫ নং ওচমানপুর ইউনিয়নের অন্তত ২৫ টি খাল ছরা এখন শুকিয়ে সেচ তো দূরের কথা পরিবেশ রক্ষা ও হুমকিতে রয়েছে। একইভাবে ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলারও অন্তত ১০টি ইউনিয়নে ফসলের মাঠ পানিশূন্য হয়ে আছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, তিন উপজেলায় অন্তত ৩০ হাজার হেক্টর জমিতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। অপর দিকে ভারত দিব্যি এর চেয়ে অনেক বেশি জমিতে সেচ দিয়ে উৎপাদন করছে ফসল।
মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ‘আমার এলাকার নতুন ও পুরাতন লক্ষীছরা খালটি শুকিয়ে পানিশূন্য, অন্তত ১৪ কিলোমিটার দীর্ঘ এই খালসহ হিঙ্গুলী খাল, তেলিয়া খাল ও অন্যান্য ছরা শুকিয়ে গেছে। সেচের কোন উপায় নেই। এলাকার হাজার হাজার কৃষক পারছে না চাষাবাদ করতে। নদীর তীরে যারা আছে তারাই পাম্প দিয়ে শুধু পানি দিচ্ছে।
মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, আমার উপজেলার অন্তত ৫০টি খাল ছরা আজ পানিশূন্য। হাজার হাজার কৃষক পানি থেকে বঞ্চিত। অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজন বিষয়টির আশু সমাধান করা। তিনি আরো বলেন, ‘আমরা বোরো চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলা কৃষকদের উদ্বুদ্ধ করতে চাই সহজভাবে সেচের পানি দিয়ে। কিন্তু ভারতের পানি চুরির জন্য তা ব্যাহত হওয়ায় আমরা আগামীদিন নিয়ে শংকিত।’
এদিকে আন্তঃমন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি ভাগাভাগির জন্য ভারত সরকার পানিচুক্তি করার চাপ দিচ্ছে। পাউবোর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী খ. ম জুলফিকার তারেক বলেন, ‘কোনো প্রকার চুক্তি ছাড়া ভারত অন্যায়ভাবে এত বছর ফেনী নদী থেকে পাম্প বসিয়ে পানি নিয়ে গেছে। এখন তারা চুক্তি করতে চায়। অবৈধভাবে পানি তুলে নেয়ার প্রতিবাদে এবারও চিঠি দিয়েছি। বিষয়টি সমাধান হতে ঢাকা-দিল্লি বৈঠক ছাড়া কোনো উপায় নেই।’
এলাকাবাসীর অভিযোগ, গত ৩০ বছরের গঙ্গা চুক্তির ২০ বছরেও প্রয়োজনীয় পানি দেয়নি ভারত। দু’দেশের অভিন্ন ৫৪ নদীর পানির ভাগবাটোয়ারা এখনো মীমাংসা হয়নি। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের বাহানায় দীর্ঘদিন থেকে ঝুলিয়ে রাখা হয়েছে তিস্তা চুক্তি। আর এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ফেনী নদীর পানি গোপনে তুলে নিচ্ছে, আবার এ নিয়ে মাথা ঘামানোর পর শুধুমাত্র এই নদীর পানি নিতে চুক্তি করতে চায়। এতেই প্রতীয়মান চুরিকৃত পানির প্রয়োজনীয়তার গুরুত্ব অনেক বেশী। আমাদের নদী, আমাদের বাঁধ, আমাদের পানি। অথচ ভারত প্রতিবেশী দেশকে সম্মান জানাতে রাজি নয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার দক্ষিণাঞ্চলের মহুকুমা সাব্রুমের ১৭টি পয়েন্টে ২৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়ে ফেনী নদী থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে রাজ্যটি। নদীর পাড়ে পাকা স্থাপনা ও টিনের বেড়া দিয়ে বসানো ২৬ পাম্প দিয়ে ভারত পানি তুলে নিচ্ছে। বাংলাদেশের প্রতিবাদে কর্ণপাতই করছে না ভারত।অথচ ফেনী নদীর মোহনায় বাঁধ দিয়ে মুহুরী প্রকল্পের মাধ্যমে সেচের জন্য ফেনী নদীতে পানি সঞ্চয় করে রাখে বাংলাদেশই।
সূত্র মতে, বাংলাদেশের ফেনী নদীতে শুষ্ক মৌসুমে সর্বোচ্চ ২৫০ কিউসেক পানি থাকে। তা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সরকার গোপনে নোম্যান্সল্যান্ড মাটির নিচে নদী তীরে পাম্প বসিয়ে একশ’ কিউসেক পানি সরিয়ে নিয়ে যাচ্ছে। পানি নেয়ার জন্য তারা নদীর তীরে পাকা স্থাপনা ও টিনের বেড়া দিয়ে ২৬টি পাম্প বসিয়েছে। এসব পাম্প মেশিনে ৬ থেকে ৮ ইঞ্চি সিআই পাইপ লাগানো হয়েছে। এসব মেশিন দিয়ে গোপনে নদী থেকে পানি সরিয়ে নেয়া হচ্ছে; যা আন্তর্জাতিক নদীর পানিবণ্টন নীতির চরম লঙ্ঘন। এর আগে ২০১২ সালের দিকে বাংলাদেশের তরফ থেকে পানি উত্তোলনের বিষয়ে বিরোধিতা করা হলে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে গোপনে আবার পানি উত্তোলন শুরুর করে তারা। মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের ওপারে আমলিঘাটেও রয়েছে একটি শক্তিশালী সেচ পাম্প, যা দিয়ে দিন রাত উত্তোলন হচ্ছে পানি।
বিজিবি রামগড় জোন ইনচার্জ লে. কর্নেল এম. জাহিদুল রশীদ বলেন, ‘ভারত ফেনী নদী থেকে ২৬টি পাম্প মেশিনের মাধ্যমে দৈনিক এক শতাধিক কিউসেক পানি নিচ্ছে। এখন বাংলাদেশের সাথে চুক্তির মাধ্যমে আরও ১৮২ কিউসেক পানি নিতে চায়। সাব্রুম মহকুমার বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে তারা ফেনী নদীর পানি নেয়ার এ দাবি করছে।’
ভরা বর্ষা ছাড়া বছরের বাকি ১০ মাস পানি উত্তোলন হয়। একতরফাভাবে পানি তুলে নেয়ার ফলে শুষ্ক মৌসুমে ফেনী নদী শুকিয়ে ধূ ধূ বালুচরে পরিণত হয়।
এই বিষয়ে মীরসরাই উপজেলা পানি সম্পদ ফোরামের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম জানান, ফেনী নদীর উৎপত্তিস্থল বাংলাদেশ। এ নদীর পানি ভারতকে দেয়ার জন্য চুক্তি কিসের?











