কানাডা হাইকমিশনে ‘অতিথি’ বঙ্গবন্ধুর খুনির সহযোগী!
নিজস্ব প্রতিবেদক : কানাডায় বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অন্যতম খুনি নূর চৌধুরীর ঘনিষ্ট সহযোগী কাউসার আহমেদের বক্তৃতাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। সব প্রটোকল ভেঙে জাতীয় দিবসের অনুষ্ঠানে কাউসার কীভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সুযোগ পেলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কানাডার আওয়ামী লীগ নেতাকর্মীসহ প্রবাসী বাঙালিরা ওই ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এর নেপথ্যে বর্তমান হাইকমিশনার ও কতিপয় কর্মকর্তাকে দুষছেন।
কানাডায় বাংলাদেশ হাইকমিশন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি অটোয়ার একটি কমিউনিটি হলে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হাইকমিশনার মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদুল হক।
হাইকমিশনের সরকারি অনুষ্ঠানে প্রটোকল ভেঙে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন জিয়াউর রহমানের আস্থাভাজন এ্যাটাসে বঙ্গবন্ধুর খুনিদের সহযোগী উইং কমান্ডার (অব.) কাউসার আহমেদ। তিনি কানাডায় আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর অন্যতম খুনি নূর চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে কাউসারকে দেখে হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা, উপস্থিত ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগনেতাকর্মীদের প্রচণ্ড ক্ষোভ দেখা যায়। হাইকমিশনার ছাড়া একমাত্র কাউসারই অনুষ্ঠানে বক্তৃতা করেন।
উল্লেখ্য, কাউসার আহমেদ ১৯৮২ সালে সপরিবারে কানাডায় পাড়ি জমান। সেখানে গিয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। কানাডায় বিএনপিকে সংগঠিত করেন। অভিযোগ রয়েছে, তার দাপটে বিগত বিএনপি আমলে আওয়ামী লীগের লোকজন তটস্থ ছিল। ওই সময়ে তারা হাইকমিশনকে বিএনপির অফিস এবং বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার কেন্দ্রস্থলে পরিণত করেন।
খুনি নূর চৌধুরীর আস্থাভাজন ও তহবিল সরবরাহকারী এই কাউসার সাত-আট বছর লোকচক্ষুর অন্তরালে ছিলেন। কিন্তু বর্তমান হাইকমিশনার যোগদানের পর তিনি পুনরায় হাইকমিশনে জায়গা করে নেন।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রজীবনে ছাত্রশিবিরের আদর্শপুষ্ট হাইকমিশনের প্রথম সচিব দেওয়ান মাহমুদুল হকের মাধ্যমে তিনি হাই কমিশনারের সাথে ইতোমধ্যে দুই-তিন বার মিটিংও করেছেন।
তার এই বক্তৃতাকে ‘ভূতের মুখে রাম নাম’ উল্লেখ করে এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘১৬ কোটি বাঙালির মধ্যে বর্তমানে ১৭ কোটি আওয়ামী লীগার’ কথাটা যথার্থ। যে ব্যক্তি কথায় কথায় বঙ্গবন্ধু এবং বর্তমান প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন, তিনি কীভাবে হাইকমিশনারের পাশে বসেন, তা বোধগম্য নয়।
ওই অনুষ্ঠানে অটোয়া আওয়ামী লীগের সভাপতি উপস্থিত থাকা সত্ত্বেও তাকে মঞ্চে জায়গা না দিয়ে হাইকমিশন কাউসারকে বক্তৃতা করার সুযোগ দেয়। জানা যায় এই কাউসার খুনি নূর চৌধুরীকে কানাডায় স্থায়ীভাবে রাখার জন্য এবং দেশে ফেরৎ পাঠানো ঠেকাতে কানাডা সরকারের সাথে লবিস্ট হিসেবে কাজ করছেন। তিনি খুনি নূর চৌধুরীকে টরেন্টোতে বাড়ি কেনার ব্যাপারে সহযোগিতা করেন। নূর চৌধুরীর আইনজীবীর সাথেও নিয়মিত যোগাযোগ রাখেন কাউসার।
জাতীয় অনুষ্ঠানে কাউসারের আমন্ত্রণ এবং বক্তৃতা দেয়ার বিষয়ে অনুষ্ঠান পরিচালনাকারী প্রথম সচিব মাহমুদের কাছে জানতে চাইলে তিনি জানান, হাইকমিশনার ও মিনিস্টার নাইম উদ্দিনের নির্দেশনায় তিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী তিনি কাউসারকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, বর্তমান হাইকমিশনার গতবছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর কানাডা সফরের সময়ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী যে হোটেলে ছিলেন সেই হোটেলের বলরুমও ভাড়া করা হয়। কিন্তু দেওয়ান মাহমুদের পরামর্শে নিরাপত্তার অজুহাতে হাইকমিশনার ওই হোটেলের বলরুম বুকিং বাতিল করে দেন। যার ফলে কানাডা আওয়ামী লীগকে অনেক সমস্যায় পড়তে হয়।
পরবর্তীতে কানাডা আওয়ামী লীগ অতিরিক্ত টাকা ব্যয় করে অনত্র হল ভাড়া করে সর্ম্বধনার আয়োজন করে। শুধু তাই নয়, হাইকমিশন প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাওয়াত বা সম্পৃক্ত করেনি। অথচ জাতীয় অনুষ্ঠানে তারা খুনির সহযোগীকে আমন্ত্রণ ও বক্তৃতার ব্যবস্থা করেছে।
এ বিষয়ে বর্তমানে ঢাকায় অবস্থানরত কানাডা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ মিয়ার ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্সের সাথে যোগাযোগ করা হলে তারা যারপরনাই ক্ষোভ প্রকাশ করেন। তারা বিষয়টি দল ও সরকারের উচ্চ পর্যায়ে জানাবেন বলে জানান। সেই সাথে বর্তমান হাইকমিশনারের মেয়াদে কানাডা হাইকমিশনের অনুষ্ঠান বর্জনের কথাও জানান তারা।











