ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শংকর বাংলাদেশে তার ২০ ঘণ্টার ঝটিকা সফর শেষে শুক্রবার নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে ও দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়গুলো নিয়ে দ্বি-পক্ষীয় পর্যালোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে জয়শংকর বৈঠক করেন।
সফরকালে ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করেন এবং পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চূড়ান্ত করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বছরের এপ্রিলে ভারত সফরের জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শংকর আমন্ত্রণ জানান।
একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে ভারত সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন জয়শংকর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব এবং সক্ষমতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ভারতের সহযোগিতার প্রশংসা করেন।
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে, দু’দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার অগ্রগতির ক্ষেত্রে ঐকমত্যসহ আরও নতুন এবং উদ্ভাবনী কিছু বিষয়ের সহযোগিতায় তারা উভয়ে সন্তোষ প্রকাশ করেন।











