বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে হত্যার যৌথ তদন্ত থেকে সরে এল বিজিবি-বিএসএফ

news-image

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তিতে বছর না ঘুরতেই সীমান্ত হত্যার যৌথ তদন্তের সিদ্ধান্ত থেকে সরে আসলো সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।
মঙ্গলবার রাজধানীর পিলখানায় বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৪৪তম সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন জানান, সীমান্তের যেসব এলাকায় হত্যার ঘটনা ঘটে সেসব এলাকার মানচিত্র তৈরি করে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে।
এর আগে গত বছরের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত ৪২তম সীমান্ত সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশ-ভারত সীমান্তে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকা- তদন্তে বিজিবি ও বিএসএফের যৌথ তদন্ত দল কাজ করবে। তবে মঙ্গলবার দেওয়া যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকা- বা গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে বিজিবি ও বিএসএফ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন, শনাক্তকরণ ও মূল্যায়নের কাজ করতে সম্মত হয়েছে।
যৌথ সংবাদ বিবৃতিতে বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা বলেছেন, প্রাণঘাতী নয় এমন (নন লেদাল) অস্ত্র ব্যবহারের ফলে সীমান্তে মৃত্যুর ঘটনা কমিয়ে আনা গেলেও বিএসএফ সদস্যদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। কেবল আত্মরক্ষার্থের নন লেদাল অস্ত্র দিয়ে ফায়ার করে বিএসএফ সদস্যরা। সীমান্তে মৃত্যু বন্ধ করতে পশু ও মাদক চোরাচালান প্রবণ এলাকায় যৌথ টহল ও সীমান্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ যৌথভাবে করতে সম্মত হয়েছে উভয় পক্ষ।
ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বাংলাদেশে সম্ভাব্য অবস্থান ধ্বংসে বিজিবির সাহায্য চেয়েছেন বিএসএফের মহাপরিচালক। জবাবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে কোনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ক্যাম্প বা অবস্থান নেই।
আন্তসীমান্ত অপরাধ, মাদক-অস্ত্রসহ অবৈধ চোরাচালান বন্ধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ। বিশেষ করে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের বিষয়ে উভয় মহাপরিচালকই উদ্বেগ প্রকাশ করে তা বন্ধে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন।
এ ছাড়া আস্থা সৃষ্টির অংশ হিসেবে দুই পক্ষ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে যৌথ অনুশীলন ও প্রশিক্ষণ, পর্বতারোহণ, সাইক্লিং ইত্যাদি। এ ছাড়া বিজিবি সদস্যদের যোগব্যায়াম শেখাবেন বিএসএফের পুরুষ ও নারী সদস্যরা।
এর বাইরে উভয় সংস্থার মধ্যে সফর বিনিময়ে সম্মত হয়েছেন দুই পক্ষই। ভারতে চিকিৎসা ও প্রকৌশলে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিজিবি সদস্যদের সন্তানদের বৃত্তিও দেবে বিএসএফ।
সম্মেলনে বিজিবির মহাপরিচালক বাংলাদেশের ২৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকেরা, বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
আর বিএসএফের মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ওই সম্মেলনে অংশ নেয়।

এ জাতীয় আরও খবর