মীন সন্ধানী: সুফল মিলছে না মৎস্য জরিপে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশী কারিগরি টিমের মতামত উপেক্ষা করে ৬০ কোটিরও বেশি টাকায় কেনা মৎস্য জরিপ জাহাজ আরভি মীন সন্ধানী থেকে প্রত্যাশিত সুফল মিলছে না। জাহাজটি গভীর সাগরে চলাচল করতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়ছে। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি সারাতে গিয়ে জরিপ কাজের চেয়ে মেরামতেই বেশি সময় কাটাতে বাধ্য হচ্ছে মীন সন্ধানীকে।
মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, বঙ্গোপসাগরের সীমানা নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মধ্যে বিরোধ ছিল বহুদিনের। ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সাথে বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশের বিরোধের সুরাহা হয়। এতে বাংলাদেশের ভাগে পড়েছে বঙ্গোপসাগরের বিস্তৃত এলাকা। এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকার বিশাল সাগরে রয়েছে কোটি কোটি টন সম্পদ। ২০০ নটিক্যাল মাইল মহিসোপানে বাংলাদেশের একচ্ছত্র অধিকার তো রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম উপকূল থেকে ৩০৪ নটিক্যাল মাইল সাগরের তলদেশে মাছের অবস্থান, সমুদ্রের কোন জায়গায় পানির কোন স্তরে কী কী মাছ রয়েছে, মাছের খাদ্য (প্লাঙ্কটন) কোথায় রয়েছে ইত্যাদি জরিপের জন্য বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প নামের বিশেষ একটি প্রকল্প নেয়া হয়েছিল। ওই প্রকল্পের আওতায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই আরভি মীন সন্ধানী কেনা হয়।
সূত্র মতে, ২০১২ সালে জাহাজটির কার্যাদেশ দেয়া হয়েছিল। ২০১৪ সালের জুন মাসে বাংলাদেশে থেকে একটি কারিগরি টিম জাহাজটি দেখতে গিয়েছিল। ওই টিম জাহাজটির ব্যাপারে ৭৭ পৃষ্ঠার একটি রিপোর্ট উপস্থাপন করেছিলেন। যাতে জাহাজটির ডিজাইন ভুলসহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়েছিল। ওই রিপোর্টে মন্তব্য করা হয়েছিল, এই জাহাজ দিয়ে সরকারের ‘সমুদ্র বিজয়ের’ উদ্দেশ্য পূরণ হবে না এবং সমুদ্রসম্পদ জরিপে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হবে। ওই রিপোর্টকে কোন গুরুত্ব না দিয়ে জাহাজটি দেশে আনা হয় ২০১৬ সালের ৯ জুলাই।
মালয়েশিয়ার একটি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে জাহাজটি কেনা হলেও কার্যত এর সাথে দেশের প্রভাবশালী কয়েক ব্যক্তি জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
প্রায় ৬৬ কোটি টাকায় কেনা জাহাজটিতে একটি মাত্র ইঞ্জিন রয়েছে। সমুদ্রগামী সব জাহাজে দুটি ইঞ্জিনের বাধ্যবাধকতা থাকলেও এই জাহাজটিতে ইঞ্জিন রয়েছে একটি। উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল গভীর সাগরে গিয়ে একটি ইঞ্জিন নিয়ে জরিপ কার্যক্রম চালানো বেশ ঝুঁকিপূর্ণ বলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
তারা বলছেন, একটি ইঞ্জিন যে কোন সময় নষ্ট হতে পারে। জাহাজটির ড্রাফট মাত্র ৩ দশমিক ২ মিটার। এর আগে বাংলাদেশের যেই জরিপ জাহাজটি ছিল সেই এফভি অনুসন্ধানীর ড্রাফট ছিল ৩ দশমিক ৮ মিটার। ৩ দশমিক ২ মিটার ড্রাফটের ৩৮ মিটার দৈর্ঘ্য এবং ৯ মিটার প্রস্থের এই জাহাজটি সাগরে চলাচল খুব স্বস্তির নয় বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
সংশ্লিষ্ট জানান, ঢেউয়ের তোড়ে জাহাজটি প্রচণ্ড দোলে। গভীর সমুদ্রে চলাচলের জন্য যেখানে ১২০০ থেকে ১৫০০ টনের ওজন প্রয়োজন সেখানে এই জাহাজটির ওজন মাত্র ৬০০ টন। গত বছরের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটির কমিশনিং করেন। কিন্তু এরপর জাহাজটি থেকে প্রত্যাশিত সুফল মিলেনি। সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভাপতি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের উপস্থিতিতে জাহাজটির বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠকে থাকা একটি সূত্র জানিয়েছে, বিস্তারিত আলোচনার পর জাহাজটির সমস্যাগুলো সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। জাহাজটির এখনো ‘ওয়ারেন্টি পিরিয়ড’ চলছে বলে উল্লেখ করে বলা হয়, সমস্যাগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানকে ঠিকঠাক করে দিতে হবে।











