গাবতলী হাটে নিরাপত্তা চান গোশত ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক : গোশত ব্যবসায়িরা গাবতলী হাটে নিজেদের নিরাপত্তা চেয়েছেন। একই সাথে পশুর হাটে অতিরিক্ত ইজারা, চাঁদাবাজি, অবৈধপথে পশু আমদানি বন্ধসহ চারটি দাবি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের কাছে পেশ করেছেন বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতি এবং ঢাকা মেট্রোপলিটন গোশত ব্যবসায়ী সমিতি।
আজ রোববার সমিতির নেতারা বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের লিখিত দাবি জমা দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী না থাকায় তার পক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হক তা গ্রহণ করেন।
পরে বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম সাংবাদিকদের বলেন, মন্ত্রী (বাণিজ্যমন্ত্রী) ভোলায়, তার সাথে দেখা হলো না। আমরা মন্ত্রীর জন্য অপেক্ষা করবো। আর আগামীকাল বিকেলে বৈঠকের ফলাফল এবং আমাদের পরবর্তী অবস্থান জানাতে গাবতলী গরুর হাটে আমাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে চাই। তিনি আহবান জানিয়ে বলেন, সেখানে যেন সঠিকভাবে সংবাদ সম্মেলন করতে পারি, আমাদেরকে যেন নিরাপত্তা দেয়া হয়।
নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে অতিরিক্ত বাণিজ্য সচিব মুন্সী সফিউল হকও অনুরোধ করেন। জবাবে উপসচিব আমিনুল ইসলাম জানান, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।
নিরাপত্তার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে রবিউল বলেন, আমরা সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা করছি। সেখানে মইজা বাহিনী আমাদের উপর আক্রমণ করতে অপেক্ষা করছে বলে আমরা খবর পেয়েছি।
সরকারের পক্ষ থেকে ‘চাঁদাবাজি, সন্ত্রাস ও সব অবৈধ কাজ’ বন্ধের পদক্ষেপ নেয়া হবে বলে বৈঠকে গোশত ব্যবসায়ীদের আশ্বস্ত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। জবাবে ব্যবসায়ীরাও নতুন কোনো কর্মসূচিতে না যাওয়ার ইংগিত দেন।
পাশাপাশি ‘বাধ্য হয়ে’ তাদের করা ধর্মঘটের কারণে ছয় দিন বাজারে গোশত পাওয়া না যাওয়ায় দেশের সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন সমিতির নেতা রবিউল।
গোশতের দাম কম রাখতে অতিরিক্ত বাণিজ্য সচিবের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হলে ব্যবসায়ীরা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা মেট্রোপলিটন গোশত ব্যবসায়ী সমিতি কার্যকরি সভাপতি কাজী আনোয়ার হোসেন বলেন, তার নিজেরও ১২ লাখ টাকা ‘লস’ হয়েছে। অধিকাংশ গোশত ব্যবসায়ীর পুঁজি এভাবে ‘শেষ হয়ে গেছে’। কারওয়ান বাজারের এক দোকানদারের ৬৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গোশত ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি গরু ভারতীয় সীমান্ত দিয়ে পার করতে তাদের ১৫-২০ হাজার টাকা লাগে। সীমান্ত থেকে গাবতলী পৌঁছতে একটি গরুতে যায় আরো ২০-৩০ হাজার টাকা। দেশে ‘ইজারাদার, চামড়া ব্যবসায়ী, হুন্ডি ব্যবসায়ী, ঢাকা উত্তর সিটির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে’ তারা ৫০০ টাকা কেজি দামে গোশত বিক্রি করতে বাধ্য হন।
ট্যানারি মালিকদের ‘সিন্ডিকেটের কারণে’ চামড়ার দাম কমে যাওয়া নিয়েও ক্ষোভ রয়েছে গোশত ব্যবসায়ী সমিতির।
তাদের দাবিগুলো হলো গাবতলী গরুর হাটের ইজারা বাতিল, হুন্ডি ব্যবসায়ী ‘কালা মইজাকে’ বিচারের আওতায় আনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘দুর্নীতিবাজ’ প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা, ট্যানারি শিল্প মালিকদের দুই ভাগে ভাগ করে সফল ব্যবসায়ীদের সহযোগিতা এবং ব্যর্থ মালিকদের কারখানা বন্ধ করা।
পাশাপাশি বৈধপথে নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে গরু আমদানি করারও দাবি রয়েছে তাদের।
ছয় দিনের ধর্মঘট শেষে রোববার মিটলেস ডে হলেও ঢাকার বাজারগুলোতে গোশত বিক্রি করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রবিউল বলেন, বিশেষ পরিস্থিতির কারণে অনেক সময় তো শুক্রবারও অফিস চালাতে হয়।
অন্যদের মধ্যে বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজাও বৈঠকে উপস্থিত ছিলেন। আন্দোলনে নামায় গাবতলীতে ‘নিরাপত্তাহীনতা বেড়েছে’ জানিয়ে সেখানে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন গোশত ব্যবসায়ী সমিতির নেতারা।
এ সময় সমিতির নেতাদের উদ্দেশে শফিউল হক বলেন, ‘আপনাদের দাবি মন্ত্রীর কাছে পৌঁছে দেব।’











