পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ব ব্যাংক !
ডেস্ক রিপোর্ট : সুশাসনের অভাবে ক্রমেই সূচকের অবনতি ঘটছে রাষ্ট্রায়ত্ব ব্যাংক সমূহের। তফসিলি বেসরকারী ব্যাংকের কাছে প্রতি প্রান্তিকে হেরে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব সোনালী, রুপালী, জনতা, অগ্রণী, বিডিবিএল, বেসিক ব্যাংক এবং বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকের তুলনায় এই ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫ গুণ বেশি। যে কারণে ঋণের ওপর সুদের হার অনেক বেশি সরকারী ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রায়ত্ব ৯টি ব্যাংকই বর্তমানে মূলধন ঘাটতিতে রয়েছে। প্রতিবছরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লোকসানী শাখা বেড়ে প্রায় দ্বিগুন হচ্ছে। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো নাম মাত্র টাকা আদায় করে ঋণ পূণ:গঠনের মাধ্যমে খেলাপী ঋণ কমাচ্ছে বলে জানা গেছে অভ্যন্তরীণ সুত্রে। মহাব্যবস্থাপক পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রান্তিক শেষে তারা যে পরিমান খেলাপী ঋণ দেখায়, বাস্তবে তার পরিমান অন্তত ৩-৪ গুণ বেশী। যার ফলে শুধু পিছিয়ে নয়, ‘অস্তিত্ব সংকটেও রয়েছে’ রাষ্ট্রায়ত্ত কিছু-কিছু ব্যাংক।
এদিকে, বেসরকারি ব্যাংকগুলোয় শতভাগ অনলাইন সেবা থাকলেও সরকারি ব্যাংকগুলো এখনও গ্রাহকদের অনলাইন সেবা দিতে পারছে না পুরোপুরি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সার্বিক পারফরম্যান্সে অবনতি হওয়ায় ২০১৫ সালের ১৮ নভেম্বরে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং কৃষি ব্যাংকেও পর্যবেক্ষক দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, রাষ্টায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিবেচনা করেই পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা চেষ্টা করছেন বাংলাদেশ ব্যাংকের মতামত পর্ষদে তুলে ধরতে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে রূপালী ব্যাংক। এ ব্যাংকটির মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই ‘কু-ঋণ’ হিসেবে অভিযুক্ত। বর্তমানে এই ব্যাংকেরই পর্যবেক্ষকের দায়িত্বে আছেন কেন্দ্রীয় ব্যাংকের মূখপাত্র শুভাঙ্কর সাহা। তিনি পর্যবেক্ষক নিযুক্ত হওয়ার পরেই বহুল আলোচিত একটি গ্র্রুপকে মাত্র ৫ কোটি টাকার সম্পত্তি বন্ধক রেখে প্রায় ২০০ কোটি টাকার ‘ডের্ফাড এলসি’ দিয়েছে ধ্বংস¯ূ‘পের উপর দাড়িয়ে থাকা রুপালী ব্যাংকÑএমন অভিযোগ কান পাতলেই শোনা যাচ্ছে মতিঝিলের ব্যাংকপাড়ায়। মাত্র ৭ দিনের মাঝে ঋণটি পেয়ে যায় জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংকের (সিআইবি ষ্ট্যাটাস বিএল) খেলাপী গ্রুপ, এমন অভিযোগও শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে শুভাঙ্কর সাহার মতামত জানতে চাইলে তিনি বলেন, নথি না দেখে কিছু বলা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, এরপরেই খারাপ অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের ‘কু-ঋণ’ রয়েছে ৮৪ শতাংশ। আর সোনালী ব্যাংকের মোট খেলাপি ঋণের মধ্যে ‘কুঋণ’ ৮২ শতাংশ।
খেলাপি ঋণ: বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বর ২০১৬ প্রান্তিকের প্রতিবেদন অনুসারে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৫ দশমিক ৮ শতাংশ। উল্টোদিকে সরকারি বিশেষায়িত ব্যাংকগুলোতে মোট ঋণের ২৪ দশমিক ৬৪ শতাংশই খেলাপি ঋণ। আর রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ২৫ দশমিক ৮৪ শতাংশই খেলাপি ঋণ। ডিসেম্বর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৯৩৯ কোটি টাকা। জনতা ব্যাংকের খেলাপী ঋণের পরিমাণ ৪ হাজার ০১ কোটি, অগ্রণী ব্যাংকের ৪ হাজার ৯৮৮ কোটি এবং রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৮৫ কোটি টাকা দাঁড়িয়েছে। খেলাপি ঋণের হার সোনালী ব্যাংকে ২৭ দশমিক ৬৩, অগ্রণীতে ২২ দশমিক ২০, জনতায় ১২ দশমিক ৩৮ এবং রূপালীতে ১৯ দশমিক ১৭ শতাংশ।
সুদের হার বেশি : বেসরকারি ব্যাংকে ঋণে সুদের হার ১১ থেকে ১৩ শতাংশ। কিন্তু সরকারি মালিকানার ব্যাংকগুলো থেকে ঋণ নিতে গেলে উদ্যোক্তাদের সুদ গুণতে হচ্ছে ১৪ শতাংশ থেকে ১৬ শতাংশ পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, রাষ্ট্রায়ত্ব ব্যাংক সমূহের মাঝে সর্বোচ্চ সুদ নিচ্ছে রুপালী ব্যাংক। রুপালী ব্যাংকের সুদের হার ১৬ থেকে ১৬.৫০ শতাংশ। আর অগ্রণী ব্যাংক মেয়াদি ঋণে ১৪ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সুদ আরোপ করছে গ্রাহকের ওপর। সরকারি অন্যান্য ব্যাংকও ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত সুদ আরোপ করছে।
লোকসানি শাখা : সারাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ব্যাংকের শাখা রয়েছে ৯ হাজার ১৯৭টি। এর মধ্যে সাড়ে তিনশ’র মতো শাখা লোকসানি। এই সাড়ে তিনশ’ লোকসানি শাখার মধ্যে ৩০৩ টি শাখাই রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের। অথচ বেসরকারি ব্যাংকগুলোর অধিকাংশ শাখাই রয়েছে লাভে। গত বছরের জুন শেষে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের লোকসানি শাখা ছিল ৮৯টি। ডিসেম্বও শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২১৬টিতে। রাষ্ট্রায়ত্ত অন্য তিন বাণিজ্যিক ব্যাংক জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকেও লোকসানি শাখা বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের লোকসানি শাখা ৭০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ টিতে। অগ্রণী ব্যাংকের লোকসানি শাখা ৬৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৭টিতে। রূপালী ব্যাংকের লোকসানি শাখা ২১ থেকে বেড়ে হয়েছে ১২৮টি। প্রসঙ্গত, বর্তমানে সোনালী ব্যাংকের শাখা রয়েছে ১ হাজার ১৮৯টি, অগ্রণী ব্যাংকের ৯২৮টি, রূপালী ব্যাংকের ৫৫১টি ও জনতা ব্যাংকের ৯০২টি।
এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল-ইসলাম বলেন, খেলাপি ঋণ আদায় করতে না পারা ও বেতন বেড়ে যাওয়াসহ একাধিক কারণে লোকসানি শাখা বেড়েছে। একইভাবে ব্যাসেল-৩ বাস্তবায়ন ও প্রভিশন রাখতে গিয়ে মূলধনের ঘাটতি বেড়েছে।
এছাড়া, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শীর্ষ-২০ ঋণখেলাপি থেকে আদায়ও সন্তোষজনক নয়। গত অর্থবছর এ ব্যাংক দুটি আদায় করতে পেরেছে লক্ষ্যমাত্রার ৭ দশমিক ৯ শতাংশ। গত অর্থবছর এ ব্যাংক দুটিকে ৩১ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আদায় হয়েছে মাত্র ২২ কোটি টাকা।
রকন্দ্রীয় ব্যাংক সর্বশেষ প্রতিবেদনে বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এ কারণে খেলাপি ঋণ আশঙ্কাজনক হারে বাড়ছে, ঋণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার মানও সন্তোষজনক নয়। ব্যাংকগুলোয় সুশাসনের অভাবেই এ অবস্থা হচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহীম খালেদ বলেন, সরকারি ব্যাংকগুলোর এ অবস্থার জন্য প্রধানত দুর্নীতি ও অনিয়মই দায়ী। তিনি বলেন, এই ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি হয়েছে লুটপাট ও অনিয়মের কারণে। ব্যাংকগুলো থেকে অনিয়ম দূর করা জরুরি। প্রসঙ্গত, সরকার এই ব্যাংকগুলোতে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দেয়। তাদের মেয়াদ বৃদ্ধি করেও প্রজ্ঞাপন জারি করে সরকার। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ডিএমডির নিয়োগ দেয় সরকার। পদোন্নতির ক্ষেত্রে থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিত্ব। এসব কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছুটে যায় মন্ত্রণালয়ে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক কর্মকান্ডের সূচকের উন্নতির দিকে আগ্রহ থাকে না ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের। এসব কারণেই ব্যাংকগুলো ক্রমশ অবনতির দিকে ধাবিত হচ্ছে।
সূত্র: নিউজপয়েন্ট











