ঢেলে সাজানো হচ্ছে আইএসপিআর
নিউজ ডেস্ক : ঢেলে সাজানো হচ্ছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরকে (আইএসপিআর)। এর জন্য দফতরটির পরিধি ও সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে—টেকনোলজির প্রসার বাড়াতে প্রযুক্তিসম্পন্ন সরঞ্জাম ও যানবাহন বৃদ্ধি, আন্তবাহিনী ডেস্ক নতুনভাবে সংযোজন করা, যুগোপযোগী পদ ও নতুন পদ সৃষ্টি, আধুনিক ও সুসজ্জিত অফিস ভবন স্থাপন, বিশেষ ভাতা চালু করা এবং আন্তবাহিনী সংস্থার সব প্রশাসনিক নিয়ন্ত্রণও সশস্ত্র বাহিনীর অধীনে রাখা।
গতকাল সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে আইএসপিআরকে উত্থাপিত প্রস্তাব পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এ প্রসঙ্গে প্রতিদিনের সংবাদকে বলেন, ‘আইএসপিআরকে ঢেলে সাজানো, দফতরটির পরিধি কিংবা সক্ষমতা বৃদ্ধির যে প্রস্তাব পেয়েছি, তা অবশ্যই যৌক্তিক। আমরা সংশ্লিষ্টদের আশ্বস্ত করেছি, তাদের প্রস্তাবটি প্রধানমন্ত্রীর (সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও তিনি) কাছে উত্থাপন করা হবে এবং ওনার সঙ্গে আলাপ করে প্রস্তাবনাটি পুরোপুরি বাস্তবায়ন (ফুলফিল) করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হবে।’ কমিটির সভাপতি আরো বলেন, ‘আমরা অর্থাৎ প্রতিরক্ষা সংসদীয় কমিটি প্রত্যাশা করছি, দফতরটির কর্মপরিধি ও কাজের বিস্তৃতি বাড়ায় তা পুনর্গঠন হওয়া উচিত।’
এক নজরে আইএসপিআরের সমস্যার চিত্র—
সাংগঠনিক কাঠামোগত সীমাবদ্ধতা : সশস্ত্র বাহিনীর আকার ও কর্মতৎপরতা প্রতিষ্ঠাকালের তুলনায় বেড়েছে বহুগুণ। মূলত ফোর্সেস গোল-২০৩০-এর আলোকে বাহিনীগুলোর আকার বেড়েছে, আগামীতে আরো বাড়বে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে গণমাধ্যমের সংখ্যাও। সে তুলনায় আইএসপিআর পরিদফতরের বিস্তৃতি সামান্যতম বাড়েনি, বরং কমেছে।
প্রযুক্তিগত দুর্বলতা : কাঠামোগত কোনো পরিবর্তন না হওয়ায় প্রযুক্তির দিক থেকেও পিছিয়ে দফতরটি। গণমাধ্যমের সঙ্গে সমন্বয় কাজ হলেও এখানে ক্যামেরা প্রাধিকৃত নেই। তবে আছে ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার। দাফতরিক কার্যক্রমের জন্য প্রাধিকারে রয়েছে একটি কম্পিউটার। মনিটরিংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও এ ক্ষেত্রে জনবল ও প্রযুক্তি কোনোটিই নেই আইএসপিআরের।
পদোন্নতি ও প্রশিক্ষণের সুযোগ সীমিত: এ দফতরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ খুবই সীমিত। সংস্থা প্রধানের পদ পরিচালক বা উপপরিচালক হওয়ায় সহকারী পরিচালক পদে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা পরিচালকের উপস্থিতিতে কখনই উপপরিচালক পদে পদোন্নতি পান না। নেই কোনো মৌলিক প্রশিক্ষণের সুযোগ। জনবল সীমিত এবং নন-ক্যাডার হওয়ায় পিএসসিতে তাদের জন্য নির্ধারিত প্রশিক্ষণের সুযোগ নেই।
অস্থায়ী অফিস ভবন : প্রতিষ্ঠার পর হতে এখন পর্যন্ত তিনবার (১৯৭২ সালে পুরনো হাইকোর্ট ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস ভবনের সঙ্গে ছোট একটি অংশে, ১৯৯৩ সালে স্থানান্তর করে শেরেবাংলা নগরে অবস্থিত গণভবন কমপ্লেক্সে এবং শেষ ২০০৪ সালে পুরনো লগ এরিয়া সদর দফতরের দোতালায় অস্থায়ীভাবে স্থানান্তর হয়, যা এখনো অবধি চলছে) স্থান পরিবর্তন হয়েছে। কিন্তু কার্যক্রমে পরিধি অনুযায়ী দলিল-দস্তাবেজ সংরক্ষণের জায়গা নেই এ অফিসে।
সরকারি বাসস্থানের স্বল্পতা : আইএসপিআর সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ এবং জরুরি সংবাদ সংগ্রহের জন্য স্টাফদের তাড়াতাড়ি অফিসে আসতে হয়। এসব দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সেনানিবাসের অভ্যন্তরে অথবা সন্নিকটে থাকা প্রয়োজন দফতরটির। ১৯৯৯ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বাহিনীগুলোকে আনুপাতিক হারে বাসা বরাদ্দের সিদ্ধান্তের আলোকে সেনা ও বিমানবাহিনী (নৌবাহিনী দেয়নি) হতে কয়েকটি বাসা বরাদ্দ দেওয়া হলেও চাহিদানুপাতে তা কম।
তথ্যপ্রাপ্তিতে বিলম্ব : সশস্ত্র বাহিনীর মুখপাত্র সংস্থার হলেও ক্ষেত্রবিশেষে আইএসপিআর পরিদফতরে বাহিনী সদর দফতর থেকে সঠিক সময়ে বা তাৎক্ষণিকভাবে তথ্য পৌঁছায় না। সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ কার্যক্রম এ কারণে দফতরটি অবগত থাকে না। ফলে গণমাধ্যমে আইএসপিআরের বক্তব্য সঠিক সময়ে প্রচারিত হয় না। এর ফলে সাধারণ মানুষের কাছে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার আশঙ্কা থাকে।
দফতরটিকে আধুনিকায়নের লক্ষ্যে ছয় প্রস্তাবনা—
আন্তবাহিনী ডেস্ক : বর্তমানে পরিদফতরে তিন বাহিনীর জন্য তিনটি ডেস্ক রয়েছে। তবে আন্তবাহিনী সংস্থাসমূহ আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অনুষ্ঠানের মিডিয়া কভারেজও আনুপাতিক হারে বেড়েছে। অন্য ডেস্কের অফিসার দিয়ে সংশ্লিষ্ট দায়িত্ব পালন সম্ভব হয় না। এর জন্য প্রয়োজনীয় জনবলসহ আন্তবাহিনী ডেস্ক নতুনভাবে সংযোজন করা প্রয়োজন।
অনুসন্ধান ও পর্যবেক্ষণ শাখা : অনুসন্ধান ও পর্যবেক্ষণ দফতরের অন্যতম কাজ হলেও এ কাজের জন্য কোনো জনবল ও প্রযুক্তি সাংগঠনিক কাঠামোতে রাখা হয়নি। সশস্ত্র বাহিনী-সংক্রান্ত সংবাদ সার্বক্ষণিকভাবে মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় জনবল সাংগঠনিক কাঠামোতে সংযোজন করা প্রয়োজন।
তথ্যপ্রযুক্তি শাখা : প্রামাণ্যচিত্র তৈরি করা আইএসপিআরের অর্পিত দায়িত্বগুলোর একটি হলেও উপযুক্ত জনবলের অভাবে তা পালন করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া নিজস্ব ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্যও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল নিয়োগ করা প্রয়োজন।
প্রশাসনিক জনবল বৃদ্ধীকরণ : পরিদফতরের হিসাব রক্ষণাবেক্ষণ ও দৈনন্দিন প্রশাসনিক কাজের জন্য হিসাবরক্ষক, ডাক বহনকারী, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীর কোনো পদ নেই। এগুলো জরুরি ভিত্তিতে সংযোজন প্রয়োজন। বিদ্যমান দুজন চালক (ড্রাইভার) থাকলেও সংখ্যা বাড়ানো অপরিহার্য। কারণ দফতরটির স্টাফদের সপ্তাহের সাত দিন কাজ করতে হয়।
পুরনো অপ্রচলিত পদসমূহের নাম পরিবর্তন : পরিদফতরের সাংগঠনিক কাঠামো ফিল্ম ডেভেলপমেন্ট টেকনেশিয়ান ও ডার্করুম সহকারীর মোট তিনটি পদ রয়েছে। এগুলোর কার্যকারিতা নেই বর্তমানে। ফলে পদ পরিবর্তন করে ফটোগ্রাফার করা প্রয়োজন।
স্থায়ী অফিস ভবন : ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর ৪৪ বছরেও নিজস্ব অফিস ভবন গড়ে উঠেনি আইএসপিআরের। তিনবার ঠিকানা বদল হওয়ায় দাফতরিক কাজে বিঘœ সৃষ্টি হয়, উন্নয়নের পরিকল্পনা হাতে নেওয়া যায় না এবং মনোবলের ওপর প্রভাব পড়ে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সুবিধার্থে সুসজ্জিত ও আধুনিক সুবিধাসম্বলিত অফিস ভবন অপরিহার্যের কথা বলা হয়েছে এ প্রস্তাবে।
বিশেষ ভাতা : দফতরটির কার্যক্রম সার্বক্ষণিক। এমনকি অফিস (৯-৫টা) সময়ের বাইরেও কাজ করতে হয়। জনসংযোগসহ প্রতিষ্ঠান হিসেবে দফতরটির জন্য ডিজিএফআইয়ের মতো বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন।
আইএসপিআরের স্ট্যাটাস-সংক্রান্ত জটিলতা : ১৯৮২ সালে প্রধান সামরিক আইন প্রশাসকের সচিবালয় থেকে জারিকৃত সামরিক আইন পর্ষদের প্রতিবেদন আইএসপিআরকে একটি সংযুক্ত দফতর বা অ্যাটাস ডিপার্টমেন্ট হিসেবে দেখানো হয়েছে। পক্ষান্তরে প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত বিভিন্ন পুস্তিকায় এটিকে আন্তবাহিনী সংস্থা হিসেবে দেখানো হয়েছে। আবার নামকরণেও ‘আন্তবাহিনী’ শব্দটি সংযোজিত আছে। প্রকৃতপক্ষে প্রশাসনিকভাবে আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন হলেও দফতরটির সব কাজ সশস্ত্র বাহিনী বিভাগ ও বাহিনী দফতরের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি এটি আন্তবাহিনী সংস্থা হয়, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৯৮৮ সালে জারিকৃত পত্রানুযায়ী আন্তবাহিনী সংস্থার সব প্রশাসনিক নিয়ন্ত্রণও সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে হওয়া প্রয়োজন। তবে যে স্ট্যাটাসই থাকুক না কেন, এই বিষয়গুলো আরো স্পষ্টীকরণ করা প্রয়োজন।
এদিকে আইএসপিআরের প্রস্তাবনা নিয়ে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ২৪তম বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিধ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আনিসুল হক, মুহাম্মদ ফারুক খান, ডা. দীপু মনি এবং হোসনে আরা বেগম অংশ নেন।
বৈঠকে গুপ্ত সংকেত পরিদফতরের (সাইফার) আধুনিক মুদ্রণ যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য মুদ্রণসংশ্লিষ্ট জনবল (অফসেট প্রিন্টিং মেশিন অপারেটর, ড্রাফটসম্যান, প্রুফ রিডার, পোর্টার, কাটিং ও বাইন্ডিং মেশিন অপারেটর এবং ইলেকট্রোমেকানিক্যাল মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ইত্যাদি) সাংগঠনিক কাঠামোভুক্ত করার সুপারিশ করা হয়।
কমিটি আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) কার্যক্রম ও আধুনিকায়নের জন্য সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে জনবলসহ আন্তবাহিনী ডেস্ক নতুনভাবে সংযোজন, প্রয়োজনীয় জনবল সংগঠনিক কাঠামোতে সংযোজন, আইএসপিআরের নিজস্ব ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্যও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের সুপারিশ করে। সূত্র: প্রতিদিনের সংবাদ











