প্রকাশ্যে শটগান থেকে গুলি: ভেড়ামারা পৌর মেয়রকে জেলা প্রশাসকের শোকজ
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক ভেড়ামারা পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা হাজি শামীমুল ইসলাম ছানাকে শোকজ করেছেন। কেন তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে ওই শোকজে।
রোববার পাঠানো কারণ দর্শানোর নোটিশটি মেয়রের হাতে গতকাল সোমবার পৌঁছেছে বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, জানমালের নিরাপত্তা রা ছাড়া লাইসেন্স করা অস্ত্র থেকে কোনো অবস্থাতেই আনন্দ উল্লাস করার জন্য গুলি ছোড়া যাবে না। কিন্তু শামীমুল ইসলাম ছানা বিয়ের অনুষ্ঠানে তার লাইসেন্স করা শটগান থেকে গুলি ছুড়েছেন এমন সংবাদ পত্রিকায় প্রকাশ হয়েছে। বিধি বহির্ভূতভাবে অস্ত্র ব্যবহার করায় কেন তার শর্টগানের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে মেয়রকে শোকজের উপযুক্ত জবাব দিতে হবে। যথাযথ জবাব দিতে না পারলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ভাতিজির বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে শর্টগানের গুলি ছুড়ে আনন্দ উল্লাস করেন শামীমুল ইসলাম ছানা। গুলি ছোড়ার সেই ছবি সোস্যাল মিডিয়া ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় হয়।











